আজ আরেকটি আবাহনী-মোহামেডান

জর্জ কোটানের কণ্ঠে ঘোষণার মতোই শোনাল, ‘আমার কাছে এই ম্যাচের টিকিট আছে। চাইলে যে কেউ নিতে পারে।’
কিন্তু টিকিটের জন্য আবাহনীর কোচ অব্দি আজ কাউকেই যেতে হবে না নিশ্চিত। একসময় আবাহনী-মোহামেডান ম্যাচের টিকিট পেতে সকালেই লম্বা লাইন পড়ত স্টেডিয়ামপাড়ায়। সেই দিন অনেক আগেই ঠাঁই নিয়েছে স্মৃতির পাতায়। জর্জ কোটান আগের দিনের উন্মাদনা দেখলে টিকিট সাধার সুযোগটুকুও পেতেন না। তাঁর বাসার সামনেও হয়তো লাইন পড়ত!
সেই উন্মাদনা কোথায় যে উড়ে গেল জলীয় বাষ্প হয়ে! দীর্ঘশ্বাস ঝরে, কষ্ট পান অনেকে। স্টেডিয়ামপাড়া দূরে থাক, দুই ক্লাব চত্বরেও পরদিনের ধুন্ধুমার যুদ্ধের আবহ নেই। অথচ আজকের এই লিগ লড়াই শুধুই দুদলের ঐতিহ্যের ঝান্ডাবাহী নয়, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পয়েন্ট টেবিলেও।
৯ ম্যাচে দুদলেরই ১৭ পয়েন্ট। প্রথম পর্বের এই শেষ ম্যাচে হারলে শীর্ষে থাকা শেখ জামালের চেয়ে পিছিয়ে পড়তে হবে ৬ পয়েন্ট। তাই আজ সর্বশক্তি নিয়েই তারা ঝাঁপাবে বিকেল পৌনে পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু এই দ্বৈরথে।
জমাট ম্যাচেরই আমন্ত্রণ, ‘ঢাকা ডার্বি’ বলে কথা। তবু ক্লাব চত্বরে সমর্থকের আনাগোনা নেই। প্রাত্যহিক জীবনযাত্রা এখন কঠিন, যানজট পেরিয়ে মাঠে আসার ঝক্কির কথাও বলেন অনেকে। অথচ আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতে একসময় কিন্তু গ্রাম থেকেও ছুটে আসত লোকে।
তবে বাড়তি একটা আবেদন এখনো আছে। এই ম্যাচ জিততে আগের মতোই মরিয়া থাকে দুই দলই। মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসি যেন তারই প্রতিচ্ছবি হয়ে উঠলেন কাল বিকেলে। ক্লাব চত্বরে সাংবাদিকের প্রশ্নের উত্তরে দুই হাত ওপরে তুলে তাকান সৃষ্টিকর্তার দিকে। পরে বলেন, ‘নিজেও অনেক মোহামেডান-আবাহনী ম্যাচ খেলেছি। এর মর্যাদা আমি জানি। এই ম্যাচে জিততেই হবে।’
জর্জ কোটান তো আর ওভাবে বাংলায় বলবেন না। তাঁর ইংরেজির ভাবার্থ দাঁড়ায় এমন, ‘আগেকার ওই আবাহনী-মোহামেডান হয়তো কখনো দেখিনি, তবে এর গুরুত্ব আমি জানি। আমরা তাই দুই শ ভাগ ঢেলে দেব।’
‘দুই শ ভাগ’ কথার কথা, এক শ ভাগের বেশি কি আর দেওয়া যায় নাকি! তা দিতে পারলে আবাহনীর জয়ের সম্ভাবনাই বেশি। পাসিং ফুটবল খেলে বক্স পর্যন্ত ভালোই যাচ্ছে আকাশি নীলেরা। কিন্তু গোল করার লোকের অভাব। গত নয় ম্যাচে গোল মাত্র ১৩টি। এর আটটিই দুই হাঙ্গেরিয়ানের। এঁদের একজন চলে গেছেন অসুস্থতার কারণে। অন্যজনকে গত ম্যাচে একাদশেই রাখেননি কোচ। আগের ম্যাচে দুই গোল করে শেখ জামালকে হারানোর নায়ক ওয়াহেদের কাছেই আজ তাই গোল চাইবে আবাহনী।
সেই আবাহনীকে রুখতে মোহামেডানের বড় শক্তি সৃষ্টিশীল তারুণ্য। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না গড়েও সাদাকালোর এত দূর আসার কৃতিত্ব ওই তরুণদেরই। তাঁদের সঙ্গী হয়েছেন অভিজ্ঞ ইসমাইল বাঙ্গুরা। মোহামেডানের ১৯ গোলের আটটিই এই গিনিয়ান স্ট্রাইকারের। বাঙ্গুরার সঙ্গে জুয়েল রানা, সবুজ ও ইব্রাহিম বক্সের আশপাশেই থাকেন। দুই পাশ থেকে অরূপ ও ফয়সাল এবং পেছন থেকে ওঠেন জনি। আবাহনীর রক্ষণের বড় পরীক্ষাই নিতে পারেন তাঁরা।
মোহামেডান একাদশে সজীব ও অরূপেরই শুধু এই দ্বৈরথের অভিজ্ঞতা আছে। বাকিদের উদ্দীপনাটা তাই একটু বেশিই। জুয়েল রানা যেমন বলছিলেন, ‘স্বপ্ন ছিল আবাহনী-মোহামেডান ম্যাচ খেলব। সেই সুযোগ পাওয়া হবে গর্বের ব্যাপার।’ তাঁর পাশেই দাঁড়ানো মিডফিল্ডার সোহাগ ক্লাব চত্বরে এক ফটো সাংবাদিককে বললেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচটা বাংলাদেশের ফুটবল থেকে বাদ দেওয়া যায় না?’
বলে কী! প্রশ্নটায় আসলে কৌতুক মিশে আছে। ফটো সাংবাদিকেরা এখন আর সারা বছর ক্লাবমুখী হন না। কিন্তু এই ম্যাচের আগের দিন ঠিকই হাজির। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ যে এখনো অন্য রকম কিছু, যেন তা বুঝিয়ে দিতেই।