আজ আসছে মালয়েশিয়া
ক্ষণগণনা চলছে। আজই প্রথম বিদেশি দল হিসেবে বাংলাদেশে আসছে মালয়েশিয়া। হজরত শাহজালাল বিমানবন্দরে সকালে নামার পর সেখানেই ঘণ্টা তিনেকের যাত্রাবিরতি। বেলা সাড়ে ১২টায় চার্টার্ড বিমানে দলটিকে শাহজালাল বিমানবন্দর থেকেই নিয়ে যাওয়া হবে সিলেট।
আগামীকাল আসবে সিঙ্গাপুর ও থাইল্যান্ড। বৃহস্পতিবার শ্রীলঙ্কা, শুক্রবার বাহরাইন। বাংলাদেশ দল গতকাল দুপুরে সিলেট পৌঁছেছে। লোডভিক ডি ক্রুইফের দল সেখানে পেয়েছে উষ্ণ অভ্যর্থনা।
ঢাকায় বাফুফে ভবনে বঙ্গবন্ধু গোল্ডকাপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকেও অভ্যর্থনা জানাল বাফুফে। সংবাদ সম্মেলনে স্পনসরদের পরিচয় করাতে গিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘বঙ্গবন্ধু কাপের পৃষ্ঠপোষণার জন্য মোটেও ঘাম ঝরাতে হয়নি। সবাই খুব আগ্রহ নিয়েই এগিয়ে এসেছেন।’ এ জন্য তিনি সব পৃষ্ঠপোষককে জানিয়েছেন ধন্যবাদ।
পৃষ্ঠপোষকদের মধ্যে বক্তব্য দেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী, চ্যানেল নাইনের কর্ণধার এনায়েতুর রহমান, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ন্যাশনাল ব্যাংকের পরিচালক শামসুল হুদা খান, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। তাঁরা সবাই ফুটবল উন্নয়নে দিলেন সহযোগিতার আশ্বাস।
এ সুযোগে কথা এসেছে আসন্ন প্রিমিয়ার লিগ স্পনসর প্রসঙ্গেও। সংবাদ সম্মেলনে এ কে আজাদ জানালেন, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগকে আরও আকর্ষণীয় এবং খেলাগুলো সবার কাছে পৌঁছে দিতে স্পনসরের অভাব হবে না। ব্যাপারটা তাঁরা দেখবেন। বঙ্গবন্ধু কাপ আয়োজন অনেক স্পনসরকেই টেনে এনেছে বাফুফেতে। অনেকেরই আশা, এই স্পনসররা টুর্নামেন্ট শেষ হওয়ার পরও ফুটবলের সঙ্গে থাকবেন।
টুর্নামেন্টের অর্থ পুরস্কার এখনো ঠিক হয়নি। চূড়ান্ত হয়নি ট্রফির নকশা। তবে কাল এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানালেন, গোল্ডকাপে কয় ভরি সোনা দেওয়া হবে সেটা আলোচনাধীন। একবার শোনা গেছে ১০ ভরি সোনা দেওয়া হবে। সোনা কম দিয়ে অর্থ পুরস্কার বাড়ানোর চিন্তাও আছে।
মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি অতিথিদের জন্য তৈরি ক্রেস্টে সোনা জালিয়াতির সঙ্গে যে প্রতিষ্ঠানটির নাম জড়িয়েছে, সেটির সঙ্গেই নাকি ট্রফি বানানোর জন্য যোগাযোগ করেছে বাফুফে!