আজ আসছে সেরেস লা সাল্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি কাপে শুরুটা ভালো হয়নি শেখ জামাল ধানমন্ডির। ২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের টেম্পাইনস রোভার্সের কাছে ৪-০ গোলে হেরে এসেছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। এবার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লে। দলটি আজ ঢাকায় আসছে। ম্যাচ হবে ৮ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
শেখ জামাল প্রথম ম্যাচে হারলেও লা সাল্লে শুরুটা করেছে ড্র দিয়ে। মালয়েশিয়ার সেলানগরের সঙ্গে ২-২। তবে ক্লাবটি সম্পর্কে এখনো অন্ধকারেই আছেন শেখ জামাল ক্লাব কোচ শফিকুল ইসলাম মানিক। তাঁর কথা, ‘এই ক্লাবের ব্যাপারে একটা প্রাথমিক ধারণা নিতে আমরা একটা ডিভিডি চেয়েছিলাম ফেডারেশনের কাছে। এএফসির কাছ থেকে তারা যেন এটা জোগাড় করে দেয়, এ জন্য সিঙ্গাপুর থেকে এসেই একটা চিঠি দিয়েছিলাম আমরা। কিন্তু ওরা এখনো আমাদের কিছুই দিতে পারেনি। আমরা এ জন্য একটু হতাশ।’ ইউটিউব থেকে এই ক্লাবের দু-একটি ম্যাচের হাইলাইটস ডাউনলোড করে খেলোয়াড়দের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন কোচ শফিকুল ইসলাম।