আজ কি শোধ নিতে পারবেন এনরিকে?

জিনেদিন জিদান আর লুইস এনরিকে নাম দুটির সঙ্গে ‘এল ক্লাসিকো’ জুড়লে সেই ছবিটাই হয়তো অনেকের চোখের সামনে ভেসে উঠবে। ২০০৩ সালে রিয়াল-বার্সার একটি ম্যাচে হাত দিয়ে এনরিকের মুখ চেপে ধরেছেন জিদান। খেলোয়াড়ি জীবন শেষ করে দুজনই এখন কোচ। স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াইয়ে আবার তাঁরা মুখোমুখি। এবার তাঁরা দল দুটির ডাগআউটে।
ডাগআউটেও অবশ্য জিদান-এনরিকে আজ প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন না। এর আগে কোচ হিসেবে ৬ ম্যাচে মুখোমুখি হয়েছেন দুজন। এই দ্বৈরথে দুজনেরই সমানে-সমান তিনটি করে জয়-পরাজয়। এর মধ্যে পাঁচটি ম্যাচ জিদান যখন রিয়ালের বয়সভিত্তিক দলের কোচ ছিলেন,এনরিকে ছিলেন বার্সার বয়সভিত্তিক দলের দায়িত্বে। রিয়াল-বার্সার ডাগআউটে গত এপ্রিলে দেখা হওয়া প্রথম ম্যাচে জয় হয়েছে জিদানেরই। সেদিক থেকে আজ এনরিকেরই উন্মুখ থাকার কথা প্রতিশোধের জন্য।
জিদান স্পেনের ফুটবলে পা রাখেন ক্যারিয়ারের মধ্যগগনে। ট্রান্সফার ফির তখনকার রেকর্ড গড়ে ২০০১ সালে ফরাসি এই জাদুকরকে দলে ভেড়ায় রিয়াল। এর তিন বছর পর ফুটবলকেই বিদায় জানান রিয়াল-বার্সা দুই দলের হয়েই ক্লাসিকো খেলা এনরিকে। খেলোয়াড়ি জীবনে তাই এল ক্লাসিকোতে জিদানের মুখোমুখি হওয়ার সুযোগ খুব বেশি পাননি তিনি।
আলাদাভাবে দুজনের ক্লাসিকোর পরিসংখ্যানে চোখ রাখলে এনরিকেকেই এগিয়ে রাখতে হবে। ১৯৯১ থেকে ১৯৯৬, এই ৫ বছরে রিয়ালের হয়ে বার্সার বিপক্ষে খেলা ১১ ম্যাচের তিনটিতে জেতেন এনরিকে, চারটি করে ড্র আর হার। গোল করেছেন একটি। বার্সেলোনার হয়ে ১৬ ম্যাচ খেলে ৮ জয়, ৬ ড্র, ২ পরাজয়। গোল ৫টি। জিদান রিয়ালের হয়ে বার্সেলোনার বিপক্ষে খেলেন ১১টি ম্যাচ। ৪টি জয় আর ৪টি ড্রর বিপরীতে হারেন ৩টি ম্যাচে।
খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ারেও যার যার দলের হয়ে বেশ সফল জিদান-এনরিকে। রাফায়েল বেনিতেজ বরখাস্ত হওয়ার পর গত জানুয়ারিতে রিয়ালের দায়িত্ব পান জিদান। প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতান তিনি। তার অধীনেই সেপ্টেম্বর মাসে লিগে বার্সেলোনার গড়া টানা ১৬ জয়ের রেকর্ড স্পর্শ করে রিয়াল। আর এখন দলের টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি স্পর্শ করা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে তারা।
২০১৪ সালের মে মাসে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর ছোট-বড় মিলিয়ে ৮টি শিরোপা জেতেন এনরিকে। এর মধ্যে রয়েছে দুটি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ আর একটি ক্লাব বিশ্বকাপ। এই বছরের গোড়ার দিকে স্পেনের ফুটবলে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল এনরিকের বার্সা।