গত ফেব্রুয়ারিতে কলকাতায় হাতছোঁয়া দূরত্বে আইএফএ শিল্ডের শিরোপা রেখে এসেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নয় মাস পর বিদেশের মাটিতে আরেকটি ট্রফির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। আজ ভুটানের কিংস কাপের ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ পুনে এফসি। বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ।
গত পরশু মোহনবাগান বনাম পুনে সেমিফাইনাল মাঠে বসে দেখেছেন কোচ মারুফুল হক। পুনের ওই ম্যাচ নিয়ে ভালোই কাটাছেঁড়া করেছেন তিনি। সুয়োকা-লুসিয়ানোদের ঠেকাতে মারুফুলের অস্ত্র ওয়েডসন-ল্যান্ডিং। সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফরোয়ার্ড সোহেল রানাকে আজ পাচ্ছেন না। তবে এসব নিয়ে ভাবছেনই না মারুফুল, ‘সোহেলের বদলে যে খেলবে সে আরও ভালো খেলবে।’
পুনে এখন পর্যন্ত টুর্নামেন্টে সব ম্যাচ জিতেছে। ফাইনালে উঠেছে ভারতের আরেকটি শক্তিশালী ক্লাব মোহনবাগানকে হারিয়ে। তা সত্ত্বেও মারুফুলের চোখ আটকে আছে শিরোপাতেই, ‘পুনে ভালো দল, ওদের সমীহ করছি। কিন্তু মোটেও ভয় পাচ্ছি না। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব আমরা।’ পুনের চেয়ে এক দিন বেশি বিশ্রাম পেয়েছে শেখ জামাল। এটাও তাদের জন্য বাড়তি সুবিধা।
পুনের কোচ করিম বেঞ্চারিফার চিন্তা শেখ জামালের মাঝমাঠ নিয়ে, ‘আইএফএ শিল্ডে আমি শেখ জামালকে দেখেছি। নর্দেকে নিয়েও সেবার ফাইনালে হেরেছিল তারা। তবে এই দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। ওদের মাঝমাঠ খুব শক্তিশালী।’
আইএফএ শিল্ডের পর কেটে গেছে নয় মাস। এখনো সেটির ফাইনালে হারের যন্ত্রণা ভুলতে পারেনি শেখ জামাল। কিংস কাপের ট্রফি জিতলে সেই দুঃখে কিছুটা প্রলেপ বোলাবে আজ।