আজ কী করবে বার্সেলোনা?
প্রথম লেগে ৪-০ গোলে হারের পর ফিরতি ম্যাচে কি কিছু অবশিষ্ট থাকে? কোচ দলকে অনুপ্রাণিত করবেনই বা কী করে? বার্সেলোনা কোচ লুইস এনরিকে অবশ্য অনুপ্রেরণা নিচ্ছেন অতীত থেকে। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের আজ ফিরতি লেগ খেলবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে জিততে হলে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে। মৌসুমের পঞ্চম শিরোপাটি পেতে জিততে হবে ৫-০ গোলে। আর বিলবাও যদি একটি গোল করে বসে, দরকার হবে ৬ গোল!
পরশু ম্যাচ শেষেই এনরিকে বলেছিলেন, এ অবস্থা থেকে কেউ ঘুরে দাঁড়াতে পারলে সেটা হবে বার্সাই। কাল বার্সা কোচের কণ্ঠে আত্মবিশ্বাসের সুরটা যেন আরও চড়া, ‘আমি অনেকটাই নিশ্চিত, নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে আমাদের ভালো সম্ভাবনা আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা সেটা করার সম্ভাব্য সব চেষ্টাই করব।’ উদাহরণ টানলেন গত মৌসুমের, ‘আমি পরিসংখ্যান দেখেছি, গত মৌসুমে ১৮টি ম্যাচে আমরা চার বা তার বেশি গোল করেছিলাম।’ লা লিগার গত মৌসুমে নিজেদের মাঠে অবশ্য বিলবাওকে ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
বার্সেলোনায় এনরিকের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এ ম্যাচটিই। হাভিয়ের মাচেরানো আগের ম্যাচের ধাক্কাটা সামলে ওঠাটাকেই দেখছেন বড় করে, ‘এ ধরনের ম্যাচগুলোয় মানসিক ব্যাপারটাই সবচেয়ে বড়। সেদিক দিয়ে আমরা প্রস্তুতই আছি। শিরোপা জেতার ইচ্ছা তীব্র বলে আগের লেগের ফলটা আমরা মনে করতে চাইছি না।’ মাচেরানো বাস্তবতাটাও জানেন, ‘কাজটা খুবই কঠিন, কিন্তু চ্যালেঞ্জটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্প্যানিশ সুপার কাপে কেউ আগে এটা করে দেখাতে পারেনি।’
পিকে, ইনিয়েস্তা, রাকিটিচদের আজ শুরু থেকে দেখা যেতে পারে। আগের ম্যাচের মতো পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চয়ই যাবেন না এনরিকে। তবে চাইলেও সম্ভাব্য সেরা একাদশটা পাচ্ছেন না, গলার ব্যথায় আজও মাঠের বাইরে নেইমার। এএফপি।
বিলবাওয়ের সঙ্গে বার্সার কয়েকটি বড় জয়
৫-০ ১৯৪৯
৪-০ ১৯৬৪
৪-০ ১৯৭৫
০-৬ ১৯৯১
৪-০ ১৯৯৮
৪-০ ১৯৯৯
০-৪ ২০০০
৭-০ ২০০১
ইউরোপিয়ান ফুটবল
এক নজরে ফল
ইংলিশ লিগ
ম্যান সিটি ৩: ০ চেলসি
ক্রিস্টাল প্যালেস ১: ২ আর্সেনাল
বুন্দেসলিগা
ভেরডার ব্রেমেন ০: ৩ শালকে
ডর্টমুন্ড ৪: ০ ম’গ্লাডবাখ
ভলফসবুর্গ ২: ১ ফ্রাঙ্কফুর্ট
ফ্রেঞ্চ লিগ ওয়ান
মোনাকো ০: ০ লিল
সেঁত এঁতিয়ে ১: ১ বোর্দো
*আগে স্বাগতিক দল