আজ কোন লেস্টারকে পাবে অ্যাটলেটিকো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপে লুইস তো সরাসরিই বলে দিলেন, এর চেয়ে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ পেলেই ভালো হতো!
কেন? আজ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের শেষ আটের লেস্টারের সঙ্গে প্রথম লেগের ম্যাচ, অথচ অ্যাটলেটিকো মাদ্রিদের লেফট ব্যাক এখনো বুঝে উঠতেই পারছেন না, লেস্টার সিটিকে পেয়ে ভালো হলো, না খারাপ!
শেষ আটের দলগুলোর মধ্যে শক্তিতে-ঐতিহ্যে লেস্টারই সবচেয়ে পিছিয়ে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে রূপকথা লেখা দলটার এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে আসা। এখানেও রূপকথাই! শেষ ষোলোতে স্পেনেরই সেভিয়াকে হারিয়ে উঠে এসেছে শেষ আটে। এ কারণেই অ্যাটলেটিকো সংশয়ে, কোন লেস্টারের দেখা মিলবে আজ? প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলার রোমাঞ্চে উদ্দীপ্ত লেস্টার, নাকি এত বড় মঞ্চে অনভিজ্ঞ লেস্টার?
লুইসের কথায়ও সংশয়টা স্পষ্ট, ‘হয়তো বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো দলগুলোর সঙ্গে খেলা পড়লে আমরা আরও ভালোভাবে খেলতে পারতাম। কারণ ওদের পায়ে বল থাকে, ওরাই খেলাটা নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন আমাদেরই খেলার ধরনটা গড়ে দিতে হয়, কাজটা সহজ হয় না। ওদের জন্যও কাজটা কঠিন, কারণ আমরা জানি কোয়ার্টার ফাইনালগুলো কীভাবে খেলতে হয়। গত তিন বছরে তিনটি কোয়ার্টার ফাইনাল খেলেছি।’
রেকর্ড অ্যাটলেটিকোর পক্ষেই। লেস্টার নিজেদের ইতিহাসে তিনবার ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলেছে, এর মধ্যে দুবারই বিদায় হয়েছে অ্যাটলেটিকোর হাতে। ১৯৬১-৬২ কাপ উইনার্স কাপ ও ১৯৯৭-৯৮ উয়েফা কাপ—দুবারই প্রথম পর্বে। তবে ‘বেদনাবিধুর’ কাব্যগুলো ভুলে উপলক্ষটা উপভোগের আহ্বানই রইল লেস্টারের নতুন কোচ ক্রেইগ শেকসপিয়ারের কণ্ঠে, ‘গত তিন বছরে দুবার ফাইনালে খেলা একটা দলের সঙ্গে খেলতে যাওয়া বড় চ্যালেঞ্জ। সমর্থক ও ক্লাবের সবার জন্য এটা দুর্দান্ত একটা উপলক্ষ।’
এই দুই দলের ম্যাচ কতটা উপভোগ্য হবে, তা নিয়ে অবশ্য সংশয় আছে। চ্যাম্পিয়নস লিগে এবার সবচেয়ে কম গোল লেস্টারের (১০টি)। অ্যাটলেটিকো একটু এগিয়ে—১২টি। উয়েফা, এএফপি।