আজ খেলছেন রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদে রৌদ্রোজ্জ্বল সকাল। অনুশীলনে মগ্ন বেল-রদ্রিগেজরা। কিন্তু সাংবাদিকদের উৎসুক চোখ খুঁজছে একজনকে। চোটগ্রস্ত ক্রিস্টিয়ানো রোনালদো কি তাহলে আসবেনই না? খানিক পর রোনালদো এলেন, কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন না। দানা বাঁধতে থাকা সংশয় যেন আরও জমাট হলো, চোটটা তাহলে এখনো ভোগাচ্ছে রোনালদোকে! তাহলে আজ স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে অ্যাটলেটিকোর মাঠে নামা হচ্ছে না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের?
দুই দিন আগে রিয়াল-অ্যাটলেটিকো স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বিরতির সময় হঠাৎ রোনালদোকে তুলে নিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কী হয়েছে রোনালদোর? পরে জানা গেল, ঊরুতে চোট পাওয়ায় তাঁকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু সেটা খুব গুরুতর নয় বলেই আশ্বস্ত করেছিলেন, ‘ক্রিস্টিয়ানো একটু অস্বস্তি বোধ করছিল। আমরা ব্যাপারটা দেখছি। তার সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে, দেখা যাক কী হয়। গুরুতর কিছু বলে মনে হচ্ছে না।’
কিন্তু অনুশীলন যখন করেননি, খানিকটা হলেও তো অনিশ্চয়তা আছেই। আজ দ্বিতীয় লেগের ম্যাচে তাই আনচেলত্তির কপালে একটু হলেও চিন্তার ভাঁজ পড়ার কথা। গত মৌসুমের শেষ থেকেই তো চোট যেন নাছোড়ের মতো পিছু নিয়েছে রোনালদোর। বিশ্বকাপেই আদৌ খেলতে পারবেন কি না তা নিয়েই ছিল সংশয়। শেষ পর্যন্ত অবশ্য গ্রুপপর্বে তিনটি ম্যাচই খেলেছেন। সে যা-ই হোক, আজ ভিসেন্তে ক্যালদেরনে তাঁকে পাওয়া না গেলেও জয়ের সব রকম চেষ্টাই করবেন কোচ। কিন্তু মৌসুমটাই যে এখনো শুরু হলো না!
বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচটা ১-১ গোলে ড্র হয়েছিল। মূল্যবান ‘অ্যাওয়ে’ গোলের জন্য একটু হলেও এগিয়ে আছে অ্যাটলেটিকো। আজ নিজেদের মাঠে ডিয়েগো সিমিওনের দল কি সেই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারবে? নাকি প্রতিপক্ষের মাঠেই মৌসুমের দ্বিতীয় শিরোপা-উৎসব হবে রিয়ালের?
উত্তরটা আজ রাতেই জানা যাবে। তবে অপেক্ষা আছে আরও একটা। আগের লেগে ইকার ক্যাসিয়াস নেমেছিলেন, আজ কি রিয়ালের জার্সি গায়ে নতুন গোলরক্ষক কেইলর নাভাসের অভিষেক হবে? মার্কা, রয়টার্স।