আজ ছোটদের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলের মাঝখানে রাখা সোনালি রঙের ছোট আকৃতির চ্যাম্পিয়নস ট্রফি। দুদিকে চুপচাপ বসা দুই দলের অধিনায়ক-নারায়ণগঞ্জের অন্তর কুমার এবং ফেনীর ইফতেখার হোসেন। দুই কোনায় বসলেও দুজনেরই চোখ ট্রফিটার দিকেই।
সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে আজ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি নারায়ণগঞ্জ ও ফেনী। ফুটবল ঐতিহ্যে ফেনীর চেয়ে অনেকটাই এগিয়ে নারায়ণগঞ্জ। সেটিকে আরও এগিয়ে নিতে আজ মাঠে সেরাটা দিতে চায় চুন্নু-মুন্নাদের শহরের কিশোরেরা। বয়সভিত্তিক টুর্নামেন্টে নারায়ণগঞ্জ সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০১ শেরেবাংলা কাপে। আজ আরেকটি সাফল্যের হাতছানি।
নারায়ণগঞ্জ কোচ আসলাম চৌধুরী সুযোগটা কাজে লাগাতে চান। বাফুফে ভবনে কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘জাতীয় অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড় হৃদয় ও অন্তর আমাদের জেলার। তা ছাড়া আমাদের আক্রমণভাগ খুবই শক্তিশালী। আশা করি আমরাই চ্যাম্পিয়ন হব।’
সেই ১৯৮৬ সালে অনূর্ধ্ব-১৯ সোহরাওয়ার্দী কাপ জিতেছিল ফেনী। বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া ফেনীর কোচ আশরাফুল আনোয়ার, ‘গ্রুপ পর্বে ভালো খেলেই চূড়ান্ত পর্বে এসেছি। আশা করি ফাইনালে নারায়ণগঞ্জকে হারাতে পারব।’