আজ ছড়াবে ফরাসি সৌরভ?
স্নায়ুক্ষয়ী ম্যাচে জেতানোর পর ফুটবলারদের প্রশংসা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাই বলে ফুটবল দলের ত্রাতা হয়ে আসা একজনকে দেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করার দাবি! একটু বাড়াবাড়ি মনে হতে পারে, তবে মজা করে এমন দাবিই করেছে ভারত মহাসাগরপাড়ের ফ্রেঞ্চ অঞ্চল রি-ইউনিয়নের একটি স্থানীয় পত্রিকা। জায়গাটাকে অবশ্য এখন চেনানো হতে পারে এভাবে—এটা দিমিত্রি পায়েতের জন্মস্থান!
উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের নায়ক তিনি। তবে পায়েত-বন্দনা এক পাশে রাখলে রোমানিয়ার বিপক্ষে সেদিন দলের খুঁড়িয়ে খুঁড়িয়ে পাওয়া জয়ে ভ্রু কুঁচকে গেছে ফ্রান্স-ভক্তদের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এমনটা হতেই পারে বলে হয়তো তা মেনেও নিয়েছেন। কিন্তু আলবেনিয়ার বিপক্ষে মার্শেইতে আজ দ্বিতীয় ম্যাচের আগে নতুন করে প্রশ্ন চলে আসছে—আসল ফ্রান্সকে দেখা যাবে আজ?
দিনের শেষ এই ম্যাচটির আগে অবশ্য বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় রাশিয়া খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে। আর ফ্রান্সের গ্রুপেরই অন্য দুই দল রোমানিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচ রাত দশটায়।
তবে স্বাভাবিকভাবে সবটুকু আলো থাকছে ফ্রান্স ম্যাচের ওপর। টুর্নামেন্টের হট ফেবারিটদের একটি তারা, স্বাগতিকও। কিন্তু প্রথম ম্যাচে সৌরভ ছড়ায়নি ফরাসিদের ফুটবল। জিতলে শেষ ষোলো প্রায় নিশ্চিত, এমন সমীকরণের ম্যাচে সেই সৌরভ ফেরানোর প্রতিশ্রুতি অবশ্য আছে। প্রথম ম্যাচে আত্মবিশ্বাস-জাগানিয়া জয়ের পর ডিফেন্ডার আদিল রামিই দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি, ‘আশা করি, এই জয় পরের ম্যাচগুলোতে আমাদের আসল খেলা খেলার সুযোগ করে দেবে।’ স্ট্রাইকার অলিভিয়ের জিরুর মুখেও একই সুর, ‘টুর্নামেন্ট যত এগোবে, আমি নিশ্চিত, ততই আমরা আরও ভালো খেলতে থাকব।’
তবে ভালো খেলার প্রত্যাশায় থাকা ফ্রান্স দলে আজ খুব বড় একটা চমক থাকার জোর সম্ভাবনা—বাদ পড়তে পারেন পল পগবা! প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি জুভেন্টাস মিডফিল্ডার, অযথা দেখনদারির জন্য সমালোচনাও হয়েছে অনেক। আজ তাঁর বদলে দলে আসতে পারেন নিউক্যাসল মিডফিল্ডার মুসা সিসোকো।
যদিও সিসোকো নিজে পগবাকে নিয়ে সংবাদমাধ্যমের বাড়াবাড়িতে বিরক্ত, ‘আপনারা সব সময় পলকে নিয়েই লেগে আছেন। ওই ম্যাচটা পুরো দলের জন্যই কঠিন ছিল, কিন্তু আপনারা শুধু একজনের নাম নিচ্ছেন। পল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোচ তাঁর ইচ্ছেমতো বদল আনতেই পারেন। তবে শুরু থেকে হোক, আর বদলি হিসেবে, আমি খেলতে তৈরি।’
সিসোকো খেলুন আর পগবা—ফ্রান্সের সঙ্গে সমানে সমান লড়ে যাওয়া কঠিন হবে এবারই ইউরোতে অভিষেক হওয়া আলবেনিয়ার। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হার দিয়ে অভিষেক। ওই ম্যাচেই অধিনায়ক লরিক কানা লাল কার্ড দেখায় আজ মিডফিল্ডেও একটু শক্তি হারাচ্ছে আলবেনিয়ানরা।
ফ্রান্সের মতো শেষ ষোলোর হাতছানি আছে সুইজারল্যান্ডেরও। তবে বাছাইপর্বে সব মিলিয়ে মাত্র দুই গোল খাওয়া রোমানিয়া প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষেই দেখিয়েছে, বড় মঞ্চে ছেড়ে কথা বলবে না তারাও। রেকর্ড অবশ্য গ্রানিত জাকা-শাকিরিদের পক্ষে। এর আগে বড় টুর্নামেন্টে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ১৯৯৪ বিশ্বকাপের ওই ম্যাচে হেসেছে সুইজারল্যান্ড (৪-১)।
রেকর্ডকে হিসাবে রাখলে, দিনের অন্য ম্যাচটিতে বেশি গোল দেখার আশা ছেড়ে দিতে পারেন। দুই দলের শেষ চার দেখায় স্লোভাকিয়া গোল দিয়েছে মাত্র একটি, রাশিয়া দুটি। বাছাইপর্বেও দুই ম্যাচ শেষ হয়েছে দুই দলের ১-০ গোলের জয়ে। আজ ‘লো-স্কোরিং’ ম্যাচের ধারাটা ভাঙবে? এএফপি, রয়টার্স।