কোচের চোখে
আজ জার্মানির সঙ্গে সুইডেনেরও জয় দেখছি
জমে উঠেছে ইউরো ২০২০-এর লড়াই। জমজমাট নকআউট পর্বে বাংলাদেশ থেকেই চোখ রাখছেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হক। সেই দেখা থেকেই প্রথম আলোর পাঠকদের জন্য তাঁর বিশ্লেষণ—
শেষ ষোলোয় আজ আরও একটি বড় ম্যাচ—ইংল্যান্ড বনাম জার্মানি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানিকেই আমি এগিয়ে রাখব। গ্রুপ পর্বে ফ্রান্স ও পর্তুগালের মতো বড় দলের বিপক্ষে পরীক্ষা দিয়ে এসেছে তারা। ইংল্যান্ডকে সে রকম বড় পরীক্ষায় পড়তে হয়নি। যে জন্য ইংলিশরা এখন পর্যন্ত কোনো গোলও হজম করেনি।
ইংল্যান্ড দলে ভালো পারফরমার থাকলেও জাতীয় দলের কৌশলের সঙ্গে তারা মানিয়ে নিতে পারছে না। পুরোনো কৌশল থেকে বেরিয়ে দলকে ৪-২-৩-১ ছকে খেলাচ্ছেন গ্যারেথ সাউথগেট। বেশির ভাগ ইংলিশ ক্লাব সাধারণত ৪-৩-৩ ছকে খেলায় ৪-২-৩-১ ছকের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে দেখা যাচ্ছে হ্যারি কেইনদের।
ধারাবাহিকতার অভাব জার্মানিরও আছে। তবে ইংলিশ খেলোয়াড়দের চেয়ে তারা কৌশলে এগিয়ে। দুই দলের খেলোয়াড়দের তুলনা করলে জার্মানি পিছিয়ে শুধু গোলরক্ষকের জায়গায়। এখানে আমি ম্যানুয়েল নয়্যারের চেয়ে জর্ডান পিকফোর্ডকেই এগিয়ে রাখব। বাকি বিভাগগুলোতে এগিয়ে জার্মানি। কৌশলের লড়াইয়ে জার্মানির জোয়াকিম লো অনেক অভিজ্ঞ হওয়ায় ম্যাচ পর্যবেক্ষণেও তিনি এগিয়ে থাকবেন সাউথগেটের চেয়ে।
ইংল্যান্ডের দুই সেন্টারব্যাক জোন স্টোন্স ও হ্যারি ম্যাগুয়ের ছোট ছোট ভুল করে ম্যাচ থেকে মনোযোগ হারিয়ে ফেলছে। জার্মানির মতো দলের বিপক্ষে সে রকম ভুল করা যাবে না। মাঝমাঠে ইকার গুন্দোগান ও টনি ক্রসের মতো কেউ নেই ইংল্যান্ডে। এখনো গোলের জন্য ধুঁকছে সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্য দিকে জার্মানির স্ট্রাইকারদের পায়ে গোল থাকায় তারা আজ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। তবে কৌশল বদলে তিন সেন্টারব্যাক খেলানোয় তাদের দুই উইংয়ে অনেক ফাঁকা জায়গা তৈরি হবে। ইংল্যান্ড দলে রহিম স্টার্লিংয়ের মতো দ্রতগতির উইঙ্গার আছে। সুযোগটা নিতে পারে তারা। তারপরও বলব, সব মিলিয়ে ম্যাচে জয়ের সম্ভাবনা জার্মানির একটু হলেও বেশি, বলতে পারেন ৫৫-৪৫।
সুইডেন ও ইউক্রেনের ম্যাচে সুইডেনেরই জয়ের সম্ভাবনায় বেশি দেখছি। সুইডিশদের খেলায় বৈচিত্র্য আছে। রক্ষণ ভালো, নিচ থেকে ভালো আক্রমণও তৈরি করতে পারে। এই ম্যাচে সুইডেনের জয়ের সম্ভাবনা ৬০ ভাগ।
পরশু রাতে পর্তুগাল–বেলজিয়ামের ম্যাচটি বেশ উপভোগই করেছি। বলের দখল ও গোলের সুযোগ তৈরিতে পর্তুগাল এগিয়ে থাকলেও ‘হাফ চান্স’ থেকে গোল করে ম্যাচ বের করে নিয়েছে বেলজিয়াম। ক্রিস্টিয়ানো রোনালদোদের সামনে দুর্ভাগ্যের দেয়াল হয়ে দাঁড়িয়েছিল পোস্টও। নিজেদের শক্তিও পুরোপুরি কাজে লাগাতে পারেনি পর্তুগাল।
রোনালদো, ডি জোতার মতো স্ট্রাইকার থাকলেও দুই উইং থেকে ভালো ক্রস আসেনি। ৬০ মিনিটের পর যখন এল, বেলজিয়ামের দুই সেন্টারব্যাক ততক্ষণে ম্যাচের সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে। অন্য ম্যাচে চেক রিপাবলিকের কাছে নেদারল্যান্ডসের হারাটাকে অনেকে অঘটন বললেও আমি বলব যোগ্য দল হিসেবেই জিতেছে চেকরা। এই টুর্নামেন্টের সেরা ‘নাম্বার নাইন’ চেক রিপাবলিকের প্যাট্রিক শিক। সেই ডাচদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।