আজ ড্র চাই শেখ জামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ম্যাকাওয়ের কাসা বেনফিকা ৪-১ গোলে উড়ে গেছে। দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল। পুরস্কারটাও বেশ বড়, এএফসি কাপের বাছাইপর্বের টিকিট পাবে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
কাজটা অবশ্য সহজ নয়। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শেখ জামালের সামনে কিরগিজস্তানের দল এফসি আলগা, ম্যাকাওয়ের দলটির চেয়ে যারা অনেক শক্তিশালী। বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে সামর্থ্যের প্রমাণ রেখেছে আলগা। তবে স্বাগতিকদের জন্যও আজকের ম্যাচটা বড় এক চ্যালেঞ্জ। প্রথম ম্যাচের শেখ জামালকে দেখে স্থানীয়রা নাকি বেশ চিন্তায় পড়েছে। অনেকের চোখে শেখ জামালই ফেবারিট।
বিশকেকে ফোন করে জানা গেল, পরশুর বড় জয়টা শেখ জামালের কাছে আত্মবিশ্বাসের টনিক হিসেবে এসেছে। দলে ফুরফুরে হাওয়া। কোচ যোসেফ আপুসি তাই বলতে পারছেন, ‘ড্র করলেও গোলগড়ে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাব। কিন্তু আমি জয় ছাড়া কিছু ভাবছি না। ম্যাচটা জিতেই লক্ষ্যপূরণ করতে চাই।’
ক্লাব সভাপতি মনজুর কাদের, কর্মকর্তা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল প্রত্যেকেই কাল ফোনে জানালেন জয়ের আশাবাদ। বিশেষ করে ক্লাব সভাপতি প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলায় খুবই উচ্ছ্বসিত, ‘ম্যাকাওয়ের দলটির সঙ্গে বিরতির পর দারুণ খেলেছি আমরা। নিজেদের ওই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে কিরগিজস্তানের চ্যাম্পিয়নরাও বাধা হতে পারবে না।’
দলের আক্রমণভাগই জোগাচ্ছে এই উত্তুঙ্গ এই আত্মবিশ্বাস। এমেকা ডার্লিংটন প্রথম ম্যাচে গোল পেয়েছেন। ঘরোয়া ফুটবলে লিগে শেখ জামালের বেঞ্চই যাঁর ঠিকানা, সেই ফরোয়ার্ড শাখাওয়াত রনি পরশু বদলি হিসেবে নেমে প্রতিপক্ষ রক্ষণকে ভালোই টলিয়ে দিয়েছেন। গোলও যোগ হয়েছে তাঁর নামের পাশে। মাঝমাঠে মামুনুল বরাবরের মতোই দলের মেরুদণ্ড। ম্যাচের প্রথমার্ধে একটু নিষ্প্রভ থাকলেও বিরতির পর মামুনুল জ্বলে ওঠায় ম্যাচের রং গেছে পাল্টে।
তবে নিজেদের নিয়ে ভাবলেই চলছে না। একেই প্রতিপক্ষ দলটি শক্তিশালী, তারওপর খেলবে নিজেদের মাঠে, নিজেদের দর্শকের সামনে। এই ম্যাচের বিপদটা কোথায় আপুসি তা জানেন, ‘আমরা অতি-আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামব না। প্রতিপক্ষ ভালো দল, ঘরের মাঠে খেলবে। কাজেই সহজ ভাবছি না ম্যাচটাকে।’ মামুনুলের চোখেও প্রতিপক্ষ খুব শক্তিশালী। কঠিন এই বাধাটা পেরোতে গোটা দলকেই সেরাটা দিতে হবে বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক।