আজ তাজিকদের বিপক্ষে কিছু পাওয়ার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু স্বপ্নের ঘোরেই হয়তো ছিলেন অ্যান্ড্রু ওর্ড। পরশু জর্ডানের কাছে ৭-০ গোলের হার নিশ্চিত করেই বাস্তবতার রূঢ় জমিনে নামিয়ে এনেছে বাংলাদেশ দলের কোচকে।
জাতীয় দল জর্ডানের কাছে ৮ গোল খেয়েছে ১৬ মাস আগে, অনূর্ধ্ব-২৩ দল ফিলিস্তিনে প্রথম ম্যাচেই ৭ গোল হজম করল এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে। তবে কোচদের কখনো আশা হারানো চলে না। আশা হারাচ্ছেন না ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ ওর্ডও, ‘আমাদের এখনই গভীরে যাওয়ার সময় হয়নি। আরও তো দুটি ম্যাচ আছে।’
সেই দুটি ম্যাচের প্রথমটি আজই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু ম্যাচে প্রতিপক্ষ তাজিকিস্তান, যারা প্রথম ম্যাচে ২–২ গোলে ড্র করেছে ফিলিস্তিনের সঙ্গে। নামের ভারে তাজিকিস্তান হয়তো জর্ডানের মতো নয়, তবে বাংলাদেশের জন্য সব দলই তো এখন ‘বাঘ’! এই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নেপালের কাছে হেরেছে প্রস্তুতি ম্যাচ। ফুটবল অঙ্গনের সবার মুখেই কয়েক দিন ধরে শোনা যাচ্ছে একটা কথা, বড় প্রতিযোগিতার মঞ্চে মাথা তুলে দাঁড়ানো খুব কঠিন এখন বাংলাদেশের ফুটবলারদের পক্ষে।
এটা ঠিক, তাজিকিস্তানের বিপক্ষে কলম্বোয় বাংলাদেশ জাতীয় দলের ২-১ গোলে একটা জয় আছে ২০১০ এএফসি চ্যালেঞ্জ কাপে। আবার এই তাজিকদের কাছেই ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে তাদেরই মাঠে ৫-০ গোলে হারের লজ্জাও সঙ্গী হয়েছে মামুনুলদের। তাই আজ তাজিকদের সঙ্গে ড্র করতে পারলেও সেটা কম কিছু হবে না। ওর্ডও ড্রকেই বলতে চান জয়ের সমান। কিন্তু তাজিকদের সঙ্গে ড্র করার সামর্থ্য আছে বাংলাদেশের, সেই বিশ্বাস রাখা যায় না জর্ডান ম্যাচ দেখে।
ওর্ডের চোখে এর বড় কারণ, ‘জর্ডানের ফুটবলাররা আট মাস ধরে এই টুর্নামেন্টের জন্য তৈরি হয়েছে। ঘরোয়া ফুটবলের ফাঁকে সপ্তাহে এক দিন করে একত্র হয়। আমাদের ফুটবলাররা লিগ খেলেছে সাত মাস আগে। আমরা শারীরিকভাবেই অনেক পিছিয়ে আর মানসিকভাবে ভঙ্গুর।’
দলের অন্যতম ভরসা হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে জর্ডান ম্যাচে প্রথমার্ধেই তুলে নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন কোচ। হেমন্তরা ক্লাব থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পান, কিন্তু নিজেকে আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। ৩০ মিনিট খেলেই দম শেষ!
তাহলে আন্তর্জাতিক ফুটবলে একটু সম্মান আদায়ের পথ কী এখন? ‘সবাইকে এক টেবিলে বসে দিনবদলের কথা ভাবতে হবে’—বলেছেন মাত্রই ৩৮ পেরোনো ওর্ড।