আজ নেইমার, না সুয়ারেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় একজন গোল করলে অন্যজন আনন্দে ভাসেন। নেইমার-সুয়ারেজ একে অন্যকে দিয়েও কম গোল করাননি। তবে আজ যখন দুজন প্রতিপক্ষ, ম্যাচ শেষে হাসিটা কার মুখে আছে সেটিও হয়তো এতক্ষণে হয়তো জেনে গেছেন। বাংলাদেশ সময় আজ ভোরে মুখোমুখি হয়েছে ব্রাজিল-উরুগুয়ে। কিন্তু ম্যাচ শেষে টাকাটা কার পকেট থেকে খসাতে হয়েছে, সেটাই এখন প্রশ্ন?
টাকার কথা আসছে কোত্থেকে? দুই দিন আগেই এই ম্যাচ নিয়ে একটা বাজি ধরেছিলেন নেইমার-সুয়ারেজ। ক্লাব দল বার্সেলোনায় দুজন অনেক দিন ধরেই একসঙ্গে খেলছেন। শুধু তো বন্ধু নয়, দুজন যেন তার চেয়েও বেশি কিছু। এই ম্যাচ যিনি জিতবেন, তিনি বিজিতকে বার্গার খাওয়াবেন—বাজিটা ছিল এ রকম।
অথচ বাজিটা দুজন আগেও ধরতে পারতেন। সুয়ারেজের জন্যই তো হলো না। বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ার জন্য সেই যে নিষিদ্ধ হয়েছিলেন, সেটা এসে ঘুচল এত দিন পর। প্রায় এক বছর নয় মাস পর দেশের হয়ে জাতীয় সংগীত গাওয়ার উপলক্ষ পেলেন।
তবে নেইমারের মুখোমুখি হওয়ার উপলক্ষটা সুয়ারেজের আরেকটু হলেই ফসকে যেতে বসেছিল। দুই দিন আগেই হঠাৎ কুঁচকিতে চোট পান নেইমার। পরে জানা গেছে, সেটি গুরুতর নয়। আজকের ম্যাচে তাই তাঁর নামারই কথা। আর ব্রাজিলেরও তো নেইমারকে খুব করেই দরকার। বাছাইপর্বের প্রথম চার ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে মাত্র দুটিতে।
উরুগুয়ে সেই তুলনায় একটু বেশি স্বস্তিতে আছে, ব্রাজিলের চেয়ে এই ম্যাচ পর্যন্ত এগিয়ে আছে ২ পয়েন্টে। আর সুয়ারেজের ফেরা তো তাদের জন্য বড় একটা অনুপ্রেরণা। কিন্তু দেশের হয়ে আগের সেই ‘কলঙ্কের’ পুনরাবৃত্তি হবে না তো? সুয়ারেজ নিজেই বলেছেন তিনি বদলে গেছেন, ‘বার্সেলোনায় আসার পর আমি অনেক ব্যাপারেই পরিণত হয়েছি। আমি এখন শুধু দেশের হয়ে খেলাটাই উপভোগ করতে চাই।’ ইএসপিএন, রয়টার্স।