আজ পারবেন রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালমোর হোটেলে ঢোকার আগে কাল ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সামনে হাতছানি দিচ্ছে মাইলফলক l এএফপি
মালমোর হোটেলে ঢোকার আগে কাল ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সামনে হাতছানি দিচ্ছে মাইলফলক l এএফপি

পেশাদার ফুটবলে ৫০০ গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র এক গোল দরকার, রাউলের পাশে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসতে চাই দুটি। কিন্তু গত তিন ম্যাচেই সেই আরাধ্য গোল পেতে পেতেও পাওয়া হচ্ছে না। ক্রিকেটারদের ‘নার্ভাস নাইন্টিজের’ স্নায়ুচাপই কি তাহলে পেয়ে বসেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে? বিশেষ করে গত শনিবার মালাগার সঙ্গে একের পর এক যেভাবে মিস করেছেন, তাতে প্রশ্নটা যেন অনুচ্চারে হলেও উঠে যাচ্ছে।
প্রতিপক্ষ বিচার করলে অবশ্য রোনালদোর জন্য আজ মঞ্চটা একেবারে পরিপাটি করে সাজানো। সুইস ক্লাব মালমো রিয়াল মাদ্রিদ থেকে যোজন যোজন পিছিয়ে। মালমোর পুরো দলের সম্ভাব্য মূল্য ২ কোটি ইউরো, রোনালদোর একার বার্ষিক বেতনই ১ কোটি ৭০ লাখ ইউরো! চ্যাম্পিয়নস লিগে সিআরসেভেনের শুরুটা অবশ্য দারুণই হয়েছে, শাখতারের সঙ্গে প্রথম ম্যাচেই পেয়েছেন হ্যাটট্রিক। তবে রিয়াল ডিফেন্ডার মার্সেলোর বিশ্বাস, রোনালদো রেকর্ডের জন্য খেলেন না, ‘সবাই জানে, সে কী রকম খেলোয়াড়। সে রেকর্ড নিয়ে বুঁদ নয়, বরং দলকে সাহায্য করতে চাইছে।’
সেই রোনালদোর দল রিয়ালকে হারানো প্রায় অসম্ভবই মনে করেন মালমো অধিনায়ক মার্কোস রোসেনবার্গ। তবে আশা ছাড়তে রাজি নন, ‘আমরা পয়েন্ট পাব, সেটা কেউ আশা করছে না। কিন্তু আমরা যদি আক্রমণাত্মক খেলতে পারি, আর নিজেদের দর্শককে পাশে পাই, তাহলে যেকোনো কিছুই হতে পারে।’ গোলরক্ষক জোহান উইলান্ডের অবশ্য একটা অতীত প্রেরণা আছে, পাঁচ বছর আগে চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের হয়ে বার্সেলোনাকে গোল পেতে দেননি। লিওনেল মেসিকে আটকে রাখতে পেরেছেন, রোনালদোকে পারবেন? উইলান্ড রসিকতার সুরে বললেন, ‘এখন যদি আমি এ রকম কিছু বলি, তাহলে দেখা যাবে ওরা চার গোল দিয়ে বসেছে।’
নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড খানিকটা চাপে থেকেই নামবে আজ। প্রথম ম্যাচে পিএসভি আইন্দহোফেনের কাছে হেরে গিয়েছিল ইউনাইটেড, হারাতে হয়েছে ডিফেন্ডার লুক শকে। দুই বছর পর আজ আবার ওল্ড ট্রাফোর্ডে ফিরছে চ্যাম্পিয়নস লিগ। আজকের প্রতিপক্ষ ভলফসবুর্গ অবশ্য ছেড়ে কথা বলবে না, জার্মান রানার্সআপরা প্রথম ম্যাচে সিএসকে মস্কোকে হারিয়েছেও।
জুভেন্টাস-সেভিয়ার ম্যাচটাও জমজমাটই হওয়ার কথা। চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু করা দুদলই ঘরোয়া লিগে ধুঁকছে। ১৯৬৯-৭০ সালের পর সিরি আতে সবচেয়ে বাজে শুরু করেছে জুভেন্টাস, আর সেভিয়া তো অবনমন অঞ্চল থেকে মাত্র দুই পয়েন্ট ওপরে। জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন চান ঘুরে দাঁড়াতে, ‘আমাদের দলকে একটু চাঙা করার এটাই সুযোগ। সেভিয়ার সঙ্গে আগ্রাসী ও প্রত্যয়ী থেকে জয় তুলতে হবে আমাদের।’
ইংলিশ লিগে দারুণ শুরুর পর হঠাৎ খেই হারিয়ে ফেলা ম্যানচেস্টার সিটিও চাপে আছে। চ্যাম্পিয়নস লিগেও প্রথম ম্যাচে হেরেছে জুভেন্টাসের কাছে। সিটি ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির চোখে তাই শুধুই জয়, ‘এই ম্যাচে আমাদের জিততেই হবে।’ তবে আজকের প্রতিপক্ষ বরুিসয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হওয়ার আগে ইতিহাস আশা দেখাচ্ছে না তাঁদের। জার্মানিতে এর আগে আট ম্যাচের ছয়টিই যে হেরেছে সিটি। এএফপি।