
তাদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল বিকেল সাড়ে চারটায়। কিন্তু দুই দফা ফ্লাইট বিলম্বের কারণে প্রায় ছয় ঘণ্টা দেরিতে কাল রাত ১০টার দিকে ঢাকায় পা রেখেছে নেপাল অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আজ বিকেল ৪টায় শুরু প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলার আগে তাই সামান্য অনুশীলনেরও সুযোগ পাচ্ছে না নেপাল দল।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল এরই মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ঘরোয়া দলগুলোর সঙ্গে। দুটিতে জিতেছে, বাকিটা হয়েছে ড্র। সেনাবাহিনীর সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে জিতলেও, পরেরটিতে জয় পেয়েছে বেশ ঘাম ঝরিয়ে। প্রথমার্ধে ৪-২-এ পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত জেতে ৫-৪ গোলে। কিন্তু নড়বড়ে রক্ষণভাগ নিয়ে বেশ উদ্বিগ্ন অনূর্ধ্ব-২৩ দল। তবে এসব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে জয়ের জন্যই মরিয়া মামুনুলরা।
কোচ লোডভিক ডি ক্রুইফের অনুপস্থিতি সহকারী রেনে কোস্টারই মূলত দলের পরিকল্পনা সাজিয়েছেন। প্রথম ম্যাচের আগে আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা ডি ক্রুইফের। রেনে কোস্টার অবশ্য এই দল নিয়ে খুব আশাবাদী, ‘নেপালের সঙ্গে দুটি ম্যাচই আমরা জিততে চাই। ছেলেরা যদিও সর্বশেষ প্রস্তুতি ম্যাচটিতে বেশ কিছু ভুল করেছিল। কিন্তু সেগুলো আমরা শুধরে নিয়েছি। নেপালের সঙ্গে এই ভুলগুলো হবে না বলেই বিশ্বাস। ওরা দেশের জার্সি গায়ে ভালো খেলার জন্য উন্মুখ হয়ে আছে।’
বাংলাদেশ এবার এশিয়ান গেমস ফুটবলে ভালো করতে চায়। সে জন্যই একটি বিদেশি দলকে আমন্ত্রণ জানিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে বাফুফে। অধিনায়ক মামুনুলের চোখে এটি এশিয়াডের প্রস্তুতির জন্য ভালো সুযোগ, ‘এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য এই দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। দুটি ম্যাচই জিতে ইনচনে যেতে চাই আমরা।’
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, উজবেকিস্তান ও আফগানিস্তান। আর নেপালের প্রতিপক্ষ জাপান, কুয়েত ও ইরাক। এমন প্রস্তুতি ম্যাচে লাভটা অবশ্য দুই দলেরই। নেপালের এই অনূর্ধ্ব-২৩ দলের সাতজন খেলোয়াড় সর্বশেষ সাফ গেমসের দলে খেলেছেন। প্রথম প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে ২৯ আগস্ট, সিলেট জেলা স্টেডিয়ামে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড।