আজ বায়ার্নের 'ফাইনাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়তি কখন কাকে কোন পরীক্ষায় ফেলে বলা মুশকিল। যে পোর্তোর সঙ্গে বায়ার্নের বুক চিতিয়ে নামার কথা, আজ তাদের সঙ্গেই যেন ‘ফাইনাল’ ম্যাচ খেলতে নামতে হচ্ছে। আর পিএসজির কোথায় বার্সেলোনার কঠিন পরীক্ষা নেওয়ার কথা, লুইস এনরিকের দল সেমিফাইনালে এক পা দিয়েই আজ নামছে ন্যু ক্যাম্পে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ চার দলকে দাঁড় করিয়ে দিয়েছে এমন সমীকরণের সামনে।
বার্সা-পিএসজি ম্যাচ কয়েক মৌসুম থেকেই নিয়মিত সূচি। তাতে বার্সাই শেষ হাসি বেশি হেসেছে, যদিও ছেড়ে কথা বলেনি পিএসজি। অথচ প্যারিসে প্রথম লেগের পরই দ্বিতীয় লেগটা অনেকটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে। নিজেদের মাঠে ৩-১ গোলে হারার পর পরের লেগে ন্যু ক্যাম্পে গিয়ে অন্তত ৪-২ গোলে জিততে হবে পিএসজিকে। কাজটা কত কঠিন, সেটা না বললেও চলে। আর ঘরের মাঠে বার্সার শেষ ৩১ ম্যাচে মাত্র একটি হার বলছে, কাজটা অসম্ভবের কাছাকাছি। আরও একটা পরিসংখ্যান, ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম লেগে জেতার পর বার্সা ৩৬ ম্যাচের ৩৪টিতেই জিতেছে।
তার পরও দলটা পিএসজি। দ্বিতীয় রাউন্ডে ১০ জন নিয়েও স্টামফোর্ড ব্রিজ থেকে জয় নিয়ে ফিরেছিল দ্বিতীয় রাউন্ডে। তার ওপর আজ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও মার্কো ভেরাত্তি। বার্সা ডিফেন্ডার দানি আলভেজের কথায় বরং বাড়তি সতর্কতা, ‘এগিয়ে থাকার ব্যাপারে আমরা একদমই ভাবছি না। শুধু নিজেদের খেলাটা নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রথম মিনিট থেকেই গোল দেওয়ার চেষ্টা করতে হবে। পিএসজিকে হারানোর এটাই একমাত্র উপায়।’ আর পিএসজি ডিফেন্ডার ডেভিড লুইজ আস্থা রাখছেন ভীষণ অসম্ভবে, ‘বার্সেলোনায় আমরা যা করার সেটাই করব। অবশ্যই আমাদের নিজেদের ওপর ভরসা রাখতে হবে।’
পিএসজিকে যেমন ৩-১ গোলের ব্যবধান ঘোচাতে হবে, একই কাজ করতে হচ্ছে বায়ার্ন মিউনিখকেও। জার্মান চ্যাম্পিয়নদের কাজটা তুলনামূলক সহজ, আজ তারা নিজেদের মাঠে অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। কিন্তু পেপ গার্দিওলা বরং আরও বেশি উদ্বিগ্ন। হঠাৎ করেই যেন অস্থিরতার একটা বিষবাষ্প জমেছে বায়ার্নে। চোটজর্জর দল, আজও নামতে পারছেন না আরিয়েন রোবেন, ডেভিড আলাবা, জাভি মার্টিনেজরা। ফ্রাঙ্ক রিবেরি, বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও ফিলিপ লামকে নিয়েও সংশয় আছে। চোটসমস্যা নিয়ে গার্দিওলা নাকি দায় চাপিয়েছিলেন দলের চিকিৎসকদের ওপর। সেটির জেরেই কয়েক দিন আগে পদত্যাগ করেছেন বায়ার্নের ৪০ বছরের প্রধান চিকিৎসক হান্স উইলহেম-মুলার।
তার ওপর ইতিহাসও নেই বায়ার্নের পক্ষে। দুই গোলে পিছিয়ে থেকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় চারবারের চেষ্টায় একবারও ব্যবধানটা ঘোচাতে পারেনি বায়ার্ন। তবে ডিফেন্ডার জেরোম বোয়াটেং বলেছেন, ‘এখনো কিছুই শেষ হয়ে যায়নি। আমরা নিজেদের মাঠে খেলছি, যেকোনো কিছুই সম্ভব।’ মিডফিল্ডার সেবাস্টিয়ান রোডে জানিয়েছেন, গত শনিবার হফেনহেইমের সঙ্গে ম্যাচের পর গার্দিওলা আবেগময় একটা ভাষণ দিয়েছেন দলের উদ্দেশে। বিশ্বাস করতে বলেছেন নিজেদের ওপর।
গার্দিওলার আবেগ, চোটজর্জর দল, বিরুদ্ধ ইতিহাস—আজ তো বায়ার্নের ‘ফাইনালই’! এএফপি, রয়টার্স, উয়েফাডটকম।