আজ ভারত-শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। মাঠ নিয়ে তাই শঙ্কিত ছিলেন আয়োজকেরা। তবে প্রস্তুতি নিয়ে হিমশিম খেতে হলেও সময়মতোই মাঠসহ সবকিছু প্রস্তুত। কালকের আকাশে আবার ছিল সূর্যের ঝলমলে আলো। সিলেটবাসীকে একটি উপভোগ্য ফুটবল প্রতিযোগিতার সাক্ষী করতে আকাশও যেন প্রস্তুতি সেরে রেখেছে।
বর্ষা মৌসুমে প্রকৃতিকে একটুও বিশ্বাস নেই। হুটহাট ‘এই মেঘ এই রোদ’ পরিস্থিতি। তবে শেষ পর্যন্ত বৃষ্টি হোক না-হোক, স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ যুব সাফ ফুটবল দেখতে যে দর্শকদের বাঁধভাঙা জোয়ার বইবে, আয়োজকেরা অনেকটাই নিশ্চিত। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ বললেন, ‘সিলেট মানেই দর্শকের বিপুল চাপ। অথচ স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ২০ হাজার। সংখ্যাটি মাথায় রেখেই টিকিট ছাড়া হয়েছে।’
প্রতিটি দলই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে। বাংলাদেশ দল তো গত ১৫ জুলাই থেকেই সিলেটে আছে। পৌঁছে গেছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ দলও। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা গতকাল শেষবারের মতো অনুশীলন সেরে নিয়েছে। বিকেল ৪টায় ভারতীয় অনূর্ধ্ব-১৬ দল জেলা স্টেডিয়ামে আর সকাল সাড়ে ৮টায় শ্রীলঙ্কা সিলেট বিকেএসপিতে অনুশীলন করেছে।
প্রতিটি দলই লড়াইয়ে নামছে শিরোপার আশায়। গতকাল হোটেল নির্ভানা ইনে সাংবাদিকদের মুখোমুখি হন দলগুলোর অধিনায়ক ও কর্মকর্তারা। একে একে আসেন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তানের কোচ ও অধিনায়কেরা।
বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সহকারী কোচ ফার্নান্দেজ শিরোপা ধরে রাখার প্রত্যয় জানালেন। বাংলাদেশের অধিনায়ক শাওন বললেন, ‘প্রতিটি ম্যাচই আমরা জেতার জন্য খেলতে চাই।’ বাংলাদেশের কোচ গোলাম জিলানির কণ্ঠেও জয়ের আশাবাদ, ‘খেলোয়াড়েরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পেলেও আমরা প্রস্তুত। আমরা জেতার জন্যই খেলব।’
আজ বিকেল ৫টায় শুরু ভারত বনাম শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচ। এ ম্যাচ দেখতে দর্শকদের আগ্রহ নিশ্চয়ই থাকবে। তবে ১১ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলেই হয়।