আজ মুখোমুখি বার্সা-অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনরিকে ও সিমিওনে
এনরিকে ও সিমিওনে

এক দিক দিয়ে দেখলে এবারের লা লিগায় প্রথম বড় ম্যাচটা একপেশেই হওয়ার কথা। যে মাঠে ২০০৬ সালের পর জয় পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ, সেই ন্যু ক্যাম্পে গিয়ে জিতে আসা তাদের জন্য অসম্ভবকে সম্ভব করার মতোই। তবে এই ম্যাচের আগে দুই দলের যে ফর্ম, আজ অ্যাটলেটিকো-বার্সেলোনা ম্যাচটা একতরফা হলে সেটি বিস্ময়েরই হবে।
দুই দলই গোল দিতে গিয়ে তিন-চারের নামতার নিচে নামছেই না। বার্সার কথা ধরুন, গত সপ্তাহে আলাভেসের কাছে হারার পরের দুই ম্যাচে দিয়েছে ১২ গোল। মেসি, নেইমার, সুয়ারেজ নিজেরা গোল করার পাশাপাশি একে অন্যকে গোল করানোর প্রতিযোগিতায়ও যেন নেমেছেন। অ্যাটলেটিকোর মৌসুমের শুরুটা ভালো হয়নি, প্রথম দুই ম্যাচেই গোলশূন্য ড্রয়ের হতাশা। কিন্তু পরের তিন ম্যাচে তারা দিয়েছে ১০ গোল। সবচেয়ে বড় কথা নিজেদের জালে বলই ঢুকতে দেয়নি। এমএসএনের জবাব দিচ্ছেন আঁতোয়ান গ্রিজমান। মেসি-সুয়ারেজের মতো লা লিগায় এ মৌসুমে সর্বোচ্চ ৪ গোল এখন অ্যাটলেটিকোর ফরাসি স্ট্রাইকারের।
অ্যাটলেটিকোর রক্ষণকে অবশ্য অনেক আগে থেকেই ব্যূহ বানিয়ে ফেলেছেন ডিয়েগো সিমিওনে। এখন পর্যন্ত মৌসুমের সবচেয়ে কম গোল খেয়েছে তারা, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে আরেকটি তথ্য চমকে দিতে পারে আপনাকে। এখন পর্যন্ত লিগের চার ম্যাচে মাত্র তিনটি হলুদ কার্ড দেখেছে অ্যাটলেটিকো, অন্য সব দল অন্তত দেখেছে পাঁচটি করে কার্ড। শারীরিক ফুটবলের জন্য অ্যাটলেটিকোর একটু ‘সুখ্যাতি’ আছে, ফাউল করতেও খুব একটা অনীহা নেই সিমিওনের দলের। গত মৌসুমেও লিগের ৩৮টি ম্যাচে চোখের সামনে নেচেছে ৯৪টি হলুদ কার্ড। কিন্তু এবারের অ্যাটলেটিকো যেন প্রতিপক্ষকে আটকানোর বদলে নিজেদের খেলার দিকেই বেশি মনোযোগী। সবকিছুই আভাস দিচ্ছে আজ একটা জমজমাট ম্যাচের।

ন্যু ক্যাম্পে সর্বশেষ জয়ের স্মৃতি মনে করিয়ে দিয়ে অ্যাটলেটিকোকে উজ্জীবিত করে তোলার দায়িত্বটা ফার্নান্দো তোরেসকে দিয়ে দিতে পারেন সিমিওনে। ১০ বছর আগে ৩-১ গোলে জয়ের নায়ক ছিলেন এই তোরেসই। করেছিলেন ২ গোল। এবারও তেমন কিছু করারই স্বপ্ন তাঁর চোখে, ‘বার্সায় যাওয়ার জন্য এটা খুব ভালো সময়। গত কয়েক বছরে ওরাই আমাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে, আমরা জানি কাজটা কতটা কঠিন হবে। কিন্তু যখন আপনি জিততে থাকবেন, সেটা অবশ্যই আপনাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।’ এএফপি।

এনরিকে ৭ সিমিওনে ১

লুইস এনরিকে বার্সার দায়িত্ব নেওয়ার পর ডিয়েগো সিমিওনের সঙ্গে দ্বৈরথ নিয়মিতই হয়ে গেছে। গত দুই বছরে দুই কোচ মুখোমুখি হয়েছেন আটবার, এর মধ্যে প্রথম সাতটিই জিতেছে বার্সা। তবে সর্বশেষ ম্যাচে একমাত্র জয়টা অ্যাটলেটিকোর অনেক দিন মনে থাকার কথা। গত মৌসুমে নিজেদের মাঠে ওই ম্যাচ জিতেই বার্সাকে বিদায় করে দিয়েছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে!