প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রুপ পর্বে দাপুটে জয়। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আত্মবিশ্বাসে এখন টগবগ করে ফুটছে মার্জিয়া, আনুচিংরা। এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা আজ সেমিফাইনালে মুখোমুখি হবে তাজিকিস্তানের। দুশানবেতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে খেলা। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইরান।
প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছেন না বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। দুশানবে থেকে টেলিফোনে কাল তিনি বলেছেন, ‘কোনো প্রতিপক্ষকেই আমাদের ভয় নেই। সামনে যে দলই আসুক না কেন, আমাদের খেলতে হবে। আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। মেয়েরা দারুণ ছন্দে রয়েছে। সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে। আশা করি আমরা ফাইনালে উঠব।’