আজ শুরু অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহায়তায় সর্বশেষ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল চার বছর আগে। পুরুষদের ওই প্রতিযোগিতা এরপর থেকে বন্ধ ছিল। এবার মহিলা ফুটবলের জন্য নতুন আর্থিক অনুদান দিয়েছে জেএফএ। এরই পরিপ্রেক্ষিতে আজ শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ।
সারা দেশের ৬টি ভেন্যুতে ৩৩টি জেলা দলকে নিয়ে হবে প্রথম পর্ব। ৬ ভেন্যুর চ্যাম্পিয়ন, সেরা রানার্সআপ এবং স্বাগতিক জেলাকে নিয়ে হবে চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বের ভেন্যু ও স্বাগতিক জেলা এখনো ঠিক হয়নি।
জেএফএ থেকে পাওয়া ৩০ হাজার ডলার দিয়েই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা বাফুফের। প্রথম পর্বের সব খেলা নকআউটভিত্তিক। চূড়ান্ত পর্বের খেলা হবে লিগ পদ্ধতিতে।
কাল বাফুফে ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘২০১২ সালে জেএফএ থেকে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে যুব উন্নয়ন কার্যক্রম এবং প্রতিভা অন্বেষণ করা হয়েছিল। কিন্তু গত দুই বছর জেএফএ থেকে তেমন ইতিবাচক সাড়া পাইনি। এবার ভালো সাড়া মিলেছে। আশা করছি, এই টুর্নামেন্ট নিয়মিতই করতে পারব।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।