আজ সেমিতে, সামনে ভারত

একটা সাফল্য বাড়িয়ে দেয় আরেকটি সাফল্যের তৃষ্ণা। অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল জয়ের পর তাই অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবল ঘিরেও প্রত্যাশার জাল বুনছে বাংলাদেশের ফুটবল। কিন্তু দুটি টুর্নামেন্টই আলাদা, বয়স বা মেজাজেও ভিন্ন। তাতে কী, লড়াইয়ের মঞ্চে জয় ছাড়া বাংলাদেশের ভাবনায় আর কিছু নেই।
তার ওপর আজ সেমিফাইনাল, পা হড়কালেই অনূর্ধ্ব-১৯ সাফ টুর্নামেন্ট থেকে বিদায়। কিন্তু প্রতিপক্ষ ভারত, যাদের অনূর্ধ্ব-১৬ দলটির সঙ্গে কদিন আগেই সিলেটে দুবার দেখা হয়েছে বাংলাদেশের কিশোরদের। সিলেটে গ্রুপ পর্বে হারানো ভারতকে ফাইনালেও পরাজয়ের তেতো স্বাদ দেওয়া গিয়েছিল টাইব্রেকারে। ছোটদের সেই হারের প্রতিশোধ নিতে আজ হয়তো মরিয়া হয়েই নামবে ভারতীয় যুবারা। কিন্তু বাংলাদেশও তো চায় সিলেটের মতোই আরেকটি সাফল্যের গল্প লিখতে।
কাঠমান্ডুর ললিতপুরে আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে আজ বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু যুব ফুটবলে এই বাংলাদেশ-ভারত ‘যুদ্ধ’। বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু ভারতকে এগিয়ে রাখলেও তাঁর দলের জয়ের সম্ভাবনাও দেখছেন। অধিনায়ক মাসুক মিয়া আঁকছেন ফাইনালের ছবি। কাঠমান্ডু থেকে ফোনে শোনা গেল অধিনায়কের প্রত্যয়ী কণ্ঠ, ‘আমরা জয়ের জন্য তৈরি। ফাইনালে ওঠার সর্বাত্মক চেষ্টাই করব।’ দুই সপ্তাহের মধ্যে দুটি টুর্নামেন্টে ভারতকে তিনবার হারাতে পারলে বাংলাদেশের ফুটবলের জন্য তা হবে বড় এক অনুপ্রেরণাই।