আজই অভিষেক রদ্রিগেজ-ক্রুসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ অভিষেক ম্যাচেই রদ্রিগেজ জিতে নিতে পারেন রিয়ালের হয়ে প্রথম শিরোপা। ছবি: রয়টার্স
আজ অভিষেক ম্যাচেই রদ্রিগেজ জিতে নিতে পারেন রিয়ালের হয়ে প্রথম শিরোপা। ছবি: রয়টার্স

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করেছেন হামেস রদ্রিগেজ। ছয়টি গোল করে জিতেছেন গোল্ডেন বুট। আরও অনেক শিরোপা জয়ের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নাম লিখিয়েছেন ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। আজ অভিষেক ম্যাচেই রদ্রিগেজ জিতে নিতে পারেন রিয়ালের হয়ে প্রথম শিরোপা। উয়েফা সুপার কাপ।

সেভিয়ার বিপক্ষে আজই যে রদ্রিগেজের অভিষেক হয়ে যেতে পারে, সেটা আগেই অনুমান করেছিলেন অনেকে। তবে কোচ কার্লো আনচেলত্তি তাঁকে প্রথম একাদশে জায়গা দেবেন কি না, সেটা নিয়ে ছিল সংশয়। আনচেলত্তি অবশ্য ফুটবলপ্রেমীদের অন্ধকারে রাখেননি। রিয়ালের প্রথম একাদশেই রদ্রিগেজের নাম থাকবে বলে জানিয়ে দিয়েছেন রিয়ালের এই ইতালিয়ান কোচ। রদ্রিগেজের সঙ্গে আজ প্রথম একাদশে দেখা যাবে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকেও।

নিজ শহর কার্ডিফে গ্যারেথ বেল তো থাকছেনই, সেভিয়ার বিপক্ষে আজ মাঠে নেমে যেতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোও। হাঁটুর ইনজুরির কারণে রোনালদো খেলতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো ভালো আছে। কোনো সমস্যা নেই। সে অন্যদের সঙ্গে কাজ করেছে। আর আমার বিশ্বাস, সে শারীরিকভাবে খুব ভালো অবস্থায় আছে।’

বেল-রোনালদো তো বরাবরই আলো ছড়িয়েছেন রিয়ালের জার্সি গায়ে। আজ রিয়াল সমর্থকেরা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করবেন রদ্রিগেজের পারফরম্যান্স দেখার জন্য। কলম্বিয়ার এই স্ট্রাইকারের হাতে তুলে দেওয়া হয়েছে রিয়ালের ১০ নম্বর জার্সি। এই জার্সি গায়েই খেলেছেন লুইস ফিগো, ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তিরা। রদ্রিগেজ কি পারবেন ‘১০ নম্বর জার্সির’ মান রাখতে?