আজই কি ইব্রার শেষ?

‘আমাদের একজন হ্যাজার্ড নেই, নেই কোনো ইব্রাহিমোভিচও। কিন্তু এ দলের এমন কিছু গুণ আছে, যা বিখ্যাত অনেক দলেরই নেই।’—ড্যানিয়েলে ডি রসির কথাটা এখন আর মোটেও বাড়াবাড়ি মনে হচ্ছে না। এবার ইউরো শুরুর আগে ইতালিকে খুব বেশি মানুষ গোনায় ধরেননি। সেই ইতালিই গ্রুপের শেষ ম্যাচের আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে! আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই ইতালির জন্য অনেকটাই ‘প্রীতি’ ম্যাচ!
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় ইতালি কোচ আন্তোনিও কন্তে মূল একাদশের বেশির ভাগ খেলোয়াড়কেই আজ বিশ্রাম দিতে পারেন। আয়ারল্যান্ডের সে বিলাসিতা দেখানোর সুযোগ নেই। আজ তাঁদের যেকোনোভাবেই হোক জিততে হবে। অন্য কোনো ফল মানেই তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে আইরিশদের।
এ নিয়ে আয়ারল্যান্ড ইউরো খেলছেও তৃতীয়বারের মতো। অথচ এখন পর্যন্ত মাত্র একটিই জয় তাদের! ১৯৮৮ সালে রে হটনের গোলে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল আইরিশরা। ওই হটনেরই আরেকটি গোল আজকের ম্যাচে অনুপ্রেরণা দিচ্ছে মার্টিন ও’নিলের দলকে।
১৯৯৪ বিশ্বকাপেও হটনের গোলেই ইতালিকে হারিয়েছিল আয়ারল্যান্ড। প্রতিযোগিতামূলক ম্যাচে ইতালির বিপক্ষে এটাই তাদের একমাত্র জয়। দলটির সহকারী কোচ রয় কিন আজও এ রকমই কিছু আশা করছেন, ‘আগেও এটি ঘটেছে। অসম্ভব কিছু না। আমরা গত বছর জার্মানিকে হারিয়েছি। গত কয়েক দিনে অনেক নেতিবাচক কথা শুনতে হয়েছে আমাদের কিন্তু আমি নিশ্চিত আমরা ঘুরে দাঁড়াব।’
রাতের অন্য ম্যাচের আগে খানিকটা নির্ভার বেলজিয়াম কোচ মার্ক উইলমোটসও। আজ সুইডেনের বিপক্ষে ড্র হলেই চলে বেলজিয়ামের। প্রথম ম্যাচে ইতালির কাছে ২-০ গোলের হারের হতাশা এডেন হ্যাজার্ডরা ভুলেছেন আয়ারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে। আজও হ্যাজার্ডদের কাছে এ রকম কিছু আশা করছেন কোচ। হ্যাজার্ড নিজেও তা জানেন, ‘সমর্থকেরা আজ বেলজিয়াম ও আমার কাছ থেকে অনেক কিছু আশা করছে। আমরা সর্বোচ্চই দেব।’
তবে বেলজিয়ামের শেষ ষোলোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন একজনই—ইব্রাহিমোভিচ। আজ গোল করতে পারলেই ইউরোর চারটি আসরে গোল করা প্রথম খেলোয়াড় হয়ে যাবেন এই সুইডিশ স্ট্রাইকার। আবার হেরে গেলে এটাই হবে এবারের ইউরোতে সুইডেনের শেষ ম্যাচ। সে ক্ষেত্রে বড় টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে এটিই শেষ ম্যাচ হয়ে যাবে ইব্রারও। ইউরো শেষে জাতীয় দলের জার্সিটা তুলে রাখার ঘোষণা দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার। তবে ইব্রা নিশ্চয় চাইবেন না আজই হোক তাঁর শেষ ম্যাচ। সুইডেন জিতে গেলে শেষ ষোলোতে চলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
অবশ্য আগের দুই ম্যাচে সুইডেন গোল করা দূরে থাক, গোলে একটি শটও নিতে পারেনি। আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া একমাত্র গোলটিও ছিল আত্মঘাতী! এএফপি, রয়টার্স।