আজই চ্যাম্পিয়ন বার্সেলোনা?
নিয়তিই হয়তো এই চিত্রনাট্য সাজিয়ে রেখেছিল! গত বছর মৌসুমের শেষ ম্যাচে ন্যু ক্যাম্পে এসে ড্র করেছিল অ্যাটলেটিকো, লা লিগার শিরোপা-উৎসবও করেছিল বার্সেলোনার মাঠেই। সেদিন বার্সা সমর্থকেরা দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল নতুন চ্যাম্পিয়নদের। আজ কি ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো সমর্থকদের সেটি ফিরিয়ে দিতে হবে?
এ মুহূর্তে লা লিগা যে অবস্থায়, তাতে এমন উপলক্ষের জন্য মঞ্চ পুরোপুরি প্রস্তুত। লা লিগায় বার্সেলোনার ম্যাচ বাকি দুটি, ৩৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৯০। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের ৮৬ পয়েন্ট। আজ অ্যাটলেটিকোর মাঠে গিয়ে তাদের হারিয়েই তাই বার্সা শিরোপা-উৎসব করে ফেলতে পারে। ড্র করে এমনকি হেরেও সেটা করতে পারে, যদি এসপানিওলের সঙ্গে রিয়ালও ড্র করে বা হেরে বসে।
অ্যাটলেটিকো লড়াই থেকে ছিটকে পড়েছে অনেক আগেই, ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। তবে অ্যাটলেটিকো স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের আশা, বার্সা ক্যালদেরন থেকে শিরোপা নিয়ে ফিরতে পারবে না, ‘আশা করি বার্সা এখানে লিগ জিততে পারবে না। অ্যাটলেটিকো গত বছর ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন হয়েছিল। ফুটবল ও ভাগ্য যেভাবে মঞ্চ সাজাচ্ছে, তাতে বার্সেলোনা এবার এখানে লিগ জিততে পারে। তবে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। তিনে থেকে মৌসুম শেষ করতে চাই।’
আজ হেরে গেলে অবশ্য বার্সাকে শেষ ম্যাচে নিজেদের মাঠে দেপোর্তিভোর সঙ্গে জিততেই হবে। লুইস এনরিকে সেটা নিশ্চয়ই চাইবেন না!
লা লিগায় শিরোপা লড়াই যখন নিষ্পত্তির অপেক্ষায়, ইংলিশ লিগে চেলসি আগেই জিতে নিয়েছে শিরোপা। আজ ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল ম্যাচটি তাই তেমন কোনো রোমাঞ্চের পসরা সাজাতে পারছে না। ৩৫ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তিনে, ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ইউনাইটেড শীর্ষে চারে থাকাটা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। আজ ইউনাইটেড জিতলে তিনে থাকার সম্ভাবনা একটু বাড়বে। সে ক্ষেত্রে প্লে-অফের বাধা পেরিয়ে সরাসরি খেলতে পারবে চ্যাম্পিয়নস লিগে। এএফপি।
পয়েন্ট তালিকায় সেরা পাঁচ
ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
বার্সেলোনা ৩৬ ২৯ ৩ ৪ ৯০
রিয়াল মাদ্রিদ ৩৬ ২৮ ২ ৬ ৮৬
অ্যাটলেটিকো ৩৬ ২৩ ৮ ৫ ৭৭
ভ্যালেন্সিয়া ৩৬ ২১ ১০ ৫ ৭৩
সেভিয়া ৩৬ ২১ ৭ ৮ ৭০
সর্বোচ্চগোলদাতা
৪২
রোনালদো (রিয়াল)
৪০
মেসি (বার্সেলোনা)
২২
নেইমার (বার্সেলোনা)
গ্রিজমান (অ্যাটলেটিকো)