আজই চ্যাম্পিয়ন বার্সেলোনা!
লা লিগার আকাশে জমে ওঠা মেঘ কাটেনি, বরং তা আরও বাড়িয়ে দিয়েছে স্পেনের শ্রম আইনের একটি ধারা। দুই দিন আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছিল, টিভি সম্প্রচারের স্বত্ব নিয়ে সরকারের সঙ্গে সমস্যার সুরাহা না হলে ১৬ মে থেকে স্থগিত হয়ে যাবে লা লিগা। মৌসুমের শেষ দুই সপ্তাহ নিয়ে তাই ঘোর অনিশ্চয়তা রয়েই গেল।
স্প্যানিশ আইন অনুযায়ী, কোনো ম্যাচ না হলে সেটির সূচি নতুন করে হবে না। এ মুহূর্তে যা অবস্থা, ১৬ মের আগে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কম। সেটি শেষ পর্যন্ত না হলে ৩৬তম সপ্তাহের পরে লা লিগায় কোনো ম্যাচ না-ও হতে পারে।
লিগ আর মাঠে না গড়ালে আজ রিয়াল সোসিয়েদাদের সঙ্গে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বার্সেলোনা। এ মুহূর্তে বার্সার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে রিয়াল। ভ্যালেন্সিয়ার সঙ্গে আজ রিয়াল জিতলেও কোনো লাভ হবে না। বার্সাই চ্যাম্পিয়ন।
কার্লো আনচেলত্তি তাই যতই বলুন, ‘আশা করছি, এ ব্যাপারটা সামনের সপ্তাহেই ঠিক হয়ে যাবে’, তাতে শঙ্কার মেঘ কাটছে না। লুইস এনরিকেরও আশা, পরের সপ্তাহে অ্যাটলেটিকোর সঙ্গে ম্যাচটাও ঠিকঠাক হবে। তার ওপর খেলোয়াড়েরাও পরশু সংবাদ সম্মেলন করে সংহতি জানিয়েছেন ফেডারেশনের সঙ্গে। জাভি, ইকার ক্যাসিয়াসসহ বেশ কিছু দলের অধিনায়ক ছিলেন সেখানে। সবারই অভিন্ন হুমকি, সমস্যা না মিটলে ১৬ মে থেকেও তাঁরা ধর্মঘটে যাবেন। এএস, মার্কা।