আজই জারার পাশে মেসি?

অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে শেষ ম্যাচ খেলার সময় তেলমো জারার বয়স ছিল ৩৩। এমন কিছু বেশি নয়। এর চেয়ে বেশি বয়সে কত ফুটবলারই তো খেলে গেছেন। তবে এই স্প্যানিশ কিংবদন্তি ওই বয়সেই রূপকথার মতো কিছু অর্জন করে ফেলেছিলেন। স্প্যানিশ লিগে তাঁর ২৫১ গোলের রেকর্ডটা তো এত দিন অস্পর্শনীয়ই মনে হয়েছিল।
রেকর্ড হয় ভাঙার জন্যই। ৬০ বছর বাদে একদা অস্পর্শনীয় মনে হওয়া তেলমো জারার সেই রেকর্ডটি পেছনের পাতায় চলে যাওয়ার মুখে। কে জানে, আজই হয়তো জারার পাশে নাম লিখিয়ে ফেলবেন মেসি। জারার চেয়ে মাত্র তিন গোল পিছিয়ে আছেন বার্সেলোনা তারকা, আজ রায়ো ভায়েকানোর সঙ্গে হ্যাটট্রিক করলেই ছুঁয়ে ফেলবেন তাঁকে। হয়ে যাবেন যৌথভাবে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রায়োর সঙ্গে সর্বশেষ সাক্ষাতেও জোড়া গোল করেছিলেন। আজ তিন গোল করা অসম্ভব কিছুই নয়।
মেসি অবশ্য অনেকবারই বলেছেন, ব্যক্তিগত অর্জন নিয়ে তিনি ভাবিত নন। পরশু ন্যু ক্যাম্পে একটা বাণিজ্যিক অনুষ্ঠানে সেই কথারই পুনরাবৃত্তি করলেন, ‘এই মুহূর্তে রেকর্ড নিয়ে একদমই ভাবছি না।’ তবে এই অর্জনটা অবশ্যই বিশেষ কিছু। এটির মানে লা লিগায় অমরত্বের সুধা পান। সেই রোমাঞ্চ খানিকটা ছুঁয়ে যাচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে, ‘এটা ঠিক পৃথিবীর সেরা লিগের সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা দারুণ একটা ব্যাপার। এটা যখন হওয়ার, তখন তো হবেই।’
আজ অবশ্য বার্সেলোনাকে খানিকটা গা ঝাড়া দিয়ে নামতে হবে। মাত্রই আগের ম্যাচটিতে পিএসজির কাছে বার্সেলোনা পেয়েছে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ। মৌসুমে প্রথমবারের মতো গোলও হজম করতে হয়েছে। তবে কোচ লুইস এনরিকেকে একটা বিষয় হয়তো স্বস্তি দেবে। মেসি-নেইমারের যুগলবন্দী দিনে দিনে যেন আরও বেশি আলো ছড়াচ্ছে। মেসিও সেটাই বললেন, ‘এ নিয়ে দ্বিতীয় মৌসুমে আমরা একসঙ্গে খেলছি। আমরা নিজেদের আরও ভালোমতো চিনতে পারছি। এই মৌসুমে বার্সা স্ট্রাইকাররা মাঠের আরও মাঝে খেলতে শুরু করেছে। নিজেদের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো হচ্ছে। আর ওর সঙ্গে খেলাটা দারুণ আনন্দের।’
টার স্টেগেনের জায়গায় আজ গোলপোস্টের নিচে ক্লদিও ব্রাভোর ফেরার কথা। জেরার্ড পিকে ও মার্ক বার্ত্রাকেও রক্ষণে ফিরে পাচ্ছেন এনরিকে। আজকের আরেকটি ম্যাচের দিকেও চোখ থাকবে অনেকের, ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। এএফপি।