আজই বার্সার দ্বিতীয় মুকুট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে বার্সেলোনার পিকে–নেইমাররা। কাল ন্যু ক্যাম্পে l এএফপি
কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে বার্সেলোনার পিকে–নেইমাররা। কাল ন্যু ক্যাম্পে l এএফপি

বার্সেলোনা-বিলবাও, ডর্টমুন্ড-ভলফ্সবুর্গ, পিএসজি-অজেরি। তিন জোড়া ক্লাবকে আজকের রাত মিলিয়ে দেবে একটা জায়গায়। সেটি কী? নিজ নিজ দেশের ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত কাপ প্রতিযোগিতার ফাইনাল। স্পেনে কিংস কাপ বা কোপা ডেল রের ফাইনালে যেমন মুখোমুখি বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, জার্মানিতে বরুসিয়া ডর্টমুন্ড জার্মান কাপ বা ভিএফবি পোকালের ফাইনালে দাঁড়াবে ভলফ্সবুর্গের সামনে, আর ফ্রান্সে ক্যুপ ডি ফ্রান্সের শিরোপা লড়াই প্যারিস সেন্ট-জার্মেই ও অজেরির মধ্যে। তবে বলার অপেক্ষা রাখে না যে বিশ্বের অন্যতম সেরা তিন ফরোয়ার্ডের দল বার্সেলোনার সঙ্গে বিলবাওয়ের স্প্যানিশ লড়াইটাই ফুটবল রোমান্টিকদের দৃষ্টি কাড়বে আজ বেশি।
লক্ষ্য ত্রিমুকুট। লা লিগা জিতে একটি এরই মধ্যে পেয়ে গেছে বার্সেলোনা। বাকি দুটির একটি আসতে পারে ন্যু ক্যাম্পেই, কোপা ডেল রে ফাইনালটি যদি জিততে পারে লুইস এনরিকের দল।
সাদা চোখে বার্সেলোনা পরিষ্কার ফেবারিট। লিওনেল মেসি-নেইমার আর লুইস সুয়ারেজকে নিয়ে গড়া বার্সার আক্রমণভাগ দারুণ ছন্দে। শুধু বিলবাও কেন, ইউরোপের যেকোনো দলই তাদের মুখোমুখি হওয়ার আগে দুশ্চিন্তায় থাকে। কিন্তু টুর্নামেন্টটা কোপা ডেল রে বলেই সেই দুশ্চিন্তা নিয়েও বিলবাওয়ের আত্মবিশ্বাস কম নয়।
কারণ? এ টুর্নামেন্টে সবচেয়ে সফল দুটি দলের একটি অ্যাথলেটিক বিলবাও। ২৩টি কোপা ডেল রের ট্রফি নিয়ে বার্সেলোনার (২৬টি) পরেই তাদের অবস্থান। লা লিগার আরেক পরাশক্তি রিয়াল মাদ্রিদ ট্রফিটি জিতেছে ১৯ বার। কোপা ডেল রেতে সাফল্যের এই ঐতিহ্যের কারণেই বিলবাওকে ফাইনালে শক্ত প্রতিপক্ষ বলে মানছেন বার্সা ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো, ‘ওরা দারুণ দল এবং আমাদের জন্য পরিস্থিতি যথেষ্ট জটিল করে তুলতে পারে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও তারা সব সময় প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপহার দিয়ে আসছে।’ বিলবাওয়ের আত্মবিশ্বাসের আরও একটা কারণ, লা লিগায় টানা ৭ ম্যাচ অপরাজিত থেকে মৌসুম শেষ করে ইউরোপা লিগে জায়গা করে নেওয়া। এই ছন্দটা ফাইনালেও ধরে রাখতে চান বিলবাও মিডফিল্ডার মিকেল রিকো, ‘কাপ জিতে আমরা মৌসুমের শেষটাও সুন্দর করতে চাই।’
পরিসংখ্যান অবশ্য বিলবাওয়ের পক্ষে খুব একটা কথা বলে না। ফাইনালটা হচ্ছে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে, যেখানে ২০০১ সালের পর বার্সেলোনাকে হারাতে পারেনি বিলবাও। সদ্য সমাপ্ত লা লিগাতেও ন্যু ক্যাম্পের ম্যাচটা বার্সা জিতেছে ২-০ গোলে, বিলবাওয়ের মাঠে গিয়েও তারা জিতে এসেছে ৫-২ গোলে। এটি আবার অনেক স্মৃতিবিজড়িত ন্যু ক্যাম্পে বার্সেলোনা মিডফিল্ডার জাভিরও শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়ী ম্যাচটাও কি স্মরণীয় করে রাখতে চাইবে না বার্সেলোনা? এএফপি, গোলডটকম।