আজই বেলকে ফিরে পাচ্ছে রিয়াল?
নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগেই অনুশীলনে ফিরেছিলেন গ্যারেথ বেল। চাইলে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ওই ম্যাচে খেলাতে পারতেন ওয়েলস উইঙ্গারকে। তবে ঝুঁকি নেননি। সেদিন না খেললেও আজ রিয়ালের জার্সিতে মাঠে দেখা যেতে পারে বেলকে। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়ালের মুখোমুখি হচ্ছে এসপানিওল।
নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জিতে জিদানের দল রয়েছে ফুরফুরে মেজাজে। বেলের প্রত্যাবর্তন নিঃসন্দেহে আরও চাঙা করে দেবে তাঁর সতীর্থদের। লিগে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট এগিয়ে রিয়াল। তবে ম্যাচ খেলেছে বার্সার চেয়ে দুটি কম। আজ সেই ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ জিদানের দলের সামনে।
রোনালদো-বেনজেমাদের জন্য কাজটা খুব কঠিন হওয়ার কথা নয়। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ নয় ম্যাচেই রিয়ালের কাছে হেরেছে এসপানিওল, জিততে পারেনি সর্বশেষ ২০ ম্যাচের একটিও।
লা লিগায় রাতের অন্য ম্যাচে সেভিয়া খেলবে এইবারের বিপক্ষে, স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এএফপি।