আজই মেসির ফর্মে ফেরার সেরা সুযোগ?

লেভান্তের বিপক্ষে আজ জ্বলে উঠবেন মেসি?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা দ্য বেস্টের সেরা তিনে চলে এসেছেন লিওনেল মেসি। শিরোপাহীন এক মৌসুম শেষে মেসির শীর্ষ তিনে থাকা প্রশ্নের জন্ম দিচ্ছে।

ফুটবলে বর্তমান ফর্মই যেহেতু সবাই মনে রাখেন, প্রশ্নটা আরও বড় করে তুলছেন মেসি নিজেই। এ মৌসুমে বার্সেলোনার জার্সিতে ১৪ ম্যাচ খেলেছেন। তাতে ৭ গোল করেছেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি।

অন্য কোনো খেলোয়াড় হলে এ পরিসংখ্যানই তাঁকে সেরাদের তালিকায় নিয়ে যেত। কিন্তু এক যুগ ধরে দুই সেরার একজনের পাশে সংখ্যাটা মানায় না। তাঁর গোলগুলোও যে আলোচনায় নেতিবাচক কিছু এনে দিচ্ছে।

এ মৌসুমে মেসির করা ৭ গোলের ৫টিই এসেছে পেনাল্টি থেকে। মাত্র ২টি গোলেই ১২ গজ দূর থেকে একাকী গোলরক্ষকের পরীক্ষা নিতে হয়নি তাঁকে!

আজ অবশ্য মেসির সামনে সুযোগ এসেছে স্বরূপে ফেরার। লিগে আজ লেভান্তের বিপক্ষে খেলা বার্সেলোনার। বাংলাদেশ সময় রাত দুইটার এ ম্যাচ মেসিরা খেলবেন ঘরের মাঠে।

জুভেন্টাসের বিপক্ষে দারুণ খেলেও গোল পাননি মেসি।
ছবি: রয়টার্স

নিজেদের মাঠে সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হারার তেতো স্বাদ আছে বার্সার। কিন্তু লা লিগায় সর্বশেষ দুই ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে রোনাল্ড কোমানের দলটা। দুই ম্যাচে দলের ৯ গোলের মেসি করেছেন ৩টি। এর মধ্যে দুটি গোলে পেনাল্টির সাহায্য দরকার হয়নি।

এমন পরিস্থিতিতে লেভান্তেকে পেয়ে খুশি হওয়ার কথা মেসির। লা লিগায় সেভিয়ার বিপক্ষেই তাঁর সবচেয়ে বেশি দাপট ঠিকই, কিন্তু লেভান্তের বিপক্ষেও কম যান না মেসি।

মাঝে মাঝে অবনমিত হওয়ায় নিয়মিত লা লিগায় থাকে না লেভান্তে। ফলে ক্যারিয়ারে মাত্র ১৯ বার এ দলের মুখোমুখি হয়েছেন মেসি। ১৯ ম্যাচে নিজে করেছেন ২১ গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২১টি। অর্থাৎ ম্যাচপ্রতি প্রায় ২টি গোলে অবদান রাখেন।

এ মৌসুমে ১৪ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৪টি গোল করিয়েছেন মেসি। গত মৌসুমে এ পর্যায়ে প্রথম ১৪ ম্যাচে ১৪ গোল ও ৯টি অ্যাসিস্ট ছিল তাঁর। এখানে প্রাসঙ্গিক তথ্য, গত মৌসুমের শুরুর দিকে মাস দুয়েক চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন মেসি।

চোট থেকে ফিরেই ১৪ ম্যাচে এই পারফরম্যান্স তাঁর। অর্থাৎ গত মৌসুমের তুলনায় এই মৌসুমে নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাতেই পিছিয়ে পড়েছেন মেসি।

আজ সে দৌড়ে মেসির একটু এগোনোর উপায় হতে পারে ভ্যালেন্সিয়া শহরের দলটি। এই ক্লাবের বিপক্ষে ১৯ বার খেলে ১৬ বারই বিজয়ী হয়েছেন, ড্র করেছেন ২ বার, হেরেছেন মাত্র ১ বার। সে হারটি এসেছে গত মৌসুমে।

গত নভেম্বরে লেভান্তের মাঠে ৩-১ গোলে হেরেছিল বার্সেলোনা। সে ম্যাচেও দলের একমাত্র গোলটি ছিল মেসির। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে নিজে গোল না পেলেও আনসু ফাতিকে দিয়ে বার্সা অধিনায়ক করিয়েছেন ২ গোল। বার্সেলোনা জিতেছিল ২-১ গোলে।

প্রায় প্রিয় প্রতিপক্ষ বনে যাওয়া লেভান্তের বিপক্ষে স্বরূপে ফেরার সেরা সুযোগটা আজ নিতে পারবেন মেসি?