
গত মৌসুমে কোনো দলেই ছিলেন না। এর আগের মৌসুমেও নিয়মিত খেলা হয়নি। বয়স হয়ে গেছে, আর কত! তখনই রজনীকান্ত বর্মণ নিজেই বলতেন এমন কথা।
রজনী আজ সত্যিই মাঠের খেলার সঙ্গে সম্পর্কচ্ছেদ করছেন। তাঁর মতো খেলোয়াড়ের মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি—এটা মানতে পারছিলেন না শেখ রাসেল কোচ শফিকুল ইসলাম (মানিক)। এবার শেখ রাসেলে ট্রেনার হিসেবে রাজনীর সঙ্গে কাজ করেই দায়িত্ব শেষ মনে করেননি মানিক। ২০০৩ সাফ ফুটবলজয়ী বাংলাদেশ দলের অধিনায়ককে আজ আনুষ্ঠানিক অবসরের সুযোগ দিচ্ছেন। আগের ম্যাচেই অবসরের সুযোগ দেন শেখ রাসেলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে।
এভাবে আনুষ্ঠানিক অবসরের সুযোগ দেওয়াটা কোচ হিসেবে নিজের দায়িত্ব মানেন মানিক। রজনীর ব্যাপারে বলছিলেন, ‘বাংলাদেশের ফুটবল ইতিহাসে রজনীকে আলাদা একটা জায়গা দিতেই হবে। ও মাঠ থেকে অবসর নেবে, এটাই হওয়া উচিত। তাই সুযোগটা দিচ্ছি।’ সুযোগের অভাব বা অন্য কোনো কারণে সাম্প্রতিক সময়ে নজরুল, হাসান আল মামুন, আমিনুল হকদের আনুষ্ঠানিক অবসর নিতে দেখা যায়নি। সে হিসেবে রজনী নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন!
অগ্রণী ব্যাংক দিয়ে ১৯৯৪ সালে ঢাকার ফুটবলে তাঁর শুরু। ১৯৯৬ সালে আসেন মোহামেডানে, যেটি তাঁর প্রথম বড় দল। সেই মোহামেডানের বিপক্ষেই আজ দ্বিতীয় ম্যাচে অবসর নেবেন রজনী। যা নিয়ে রোমাঞ্চিত গাজীপুর থেকে উঠে আসা দীর্ঘদিন রক্ষণের এই অতন্দ্র প্রহরী, ‘মাঠ থেকে অবসর নেব, এটা ভাবলেই ভালো লাগছে।’
এই ম্যাচের আগে শিরোপাপ্রত্যাশী ঢাকা আবাহনী দেবে বড় পরীক্ষা। তারা মুখোমুখি হবে গত দুবারের চ্যাম্পিয়ন শেখ জামালের। শিরোপা-দৌড়ে ঢাকা আবাহনীকে এগিয়ে থাকতে হলে জয়টা আজ জরুরি। আজ শুরু ২০তম রাউন্ড। বাকি থাকবে আরও দুটি ম্যাচ।
পরশু চট্টগ্রাম আবাহনী ২–১ গোলে ফেনী সকারকে হারিয়ে ঢাকা আবাহনীর ঘাড়ের ওপর নিশ্বাসটা ঠিকই রাখল। ঢাকা আবাহনীর চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে এখন চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জকে ৫–৪ গোলে হারিয়ে রুদ্ধশ্বাস এক লড়াই জিতেছে বিজেএমসি।