আজই রিয়ালের কোচ হবে জিদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজই রিয়ালের দায়িত্ব পাবেন জিদান! ফাইল ছবি
আজই রিয়ালের দায়িত্ব পাবেন জিদান! ফাইল ছবি
>জিদান রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন আজ! স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এমন ঘোষণা আসবে, এমনটাই জানাচ্ছে স্প্যানিশ টিভি প্রোগ্রাম হুগোনেস।

নয় মাস। মাত্র নয় মাসেই এত কিছু বদলে যায়! এই তো গত ৩১ মে সবাইকে চমকে দিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে এসেছিলেন জিনেদিন জিদান। এরপর গুনে গুনে নয় মাস কেটে গেছে। রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসের সবচেয়ে বাজে সপ্তাহ ও মৌসুম দেখে ফেলেছে। এমন পরিস্থিতিতে সেই জিদানেরই শরণাপন্ন হচ্ছে রিয়াল। এমন ভয়ংকর বিপদে যে দলকে উদ্ধার করার জন্য তাঁর চেয়ে যোগ্য আর কেউ নেই।

কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—তিনটি প্রতিযোগিতা থেকেই ছিটকে গেছে রিয়াল। সেটাও মার্চের প্রথম সপ্তাহেই। এরপরই সান্তিয়াগো সোলারির চাকরি হারানোর গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সোলারির অধীনে কাল রিয়াল ভায়াদোলিদের মাঠে গিয়ে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল। ম্যাচের পর জোড়া গোল করা করিম বেনজেমা সোলারিকেই কোচ হিসেবে পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আর সোলারি নিজেই এ মৌসুমে রিয়ালের দ্বিতীয় কোচ হওয়াতে মনে হয়েছিল, এ যাত্রা বেঁচে যাচ্ছেন এ আর্জেন্টাইন। একই মৌসুমে হুলেন লোপেতেগি ও সোলারি দুজন কোচকে বরখাস্ত করার মতো কাণ্ড হয়তো করবে না রিয়াল—এমনটাই ভেবেছিল সবাই।

স্প্যানিশ টিভি অনুষ্ঠান হুগোনেস জানাচ্ছে ভিন্ন কিছু। আজ আলোচনায় বসেছে রিয়ালের বোর্ড। ক্লাবের বর্তমান পরিস্থিতিতে কী করা উচিত সেটাই আলোচ্য। সে মিটিংয়েই নাকি জিনেদিন জিদানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড পরিচালকেরা সোলারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। গত সপ্তাহেই আয়াক্সের কাছে হারের পর জিদানের নাম শোনা গিয়েছিল। কিন্তু জিদান নাকি মৌসুমের শেষে দায়িত্ব নিতে রাজি কিন্তু মৌসুমের বাকি অংশের জন্য আর ঝামেলা বাড়াতে চাননি। তবে হুগোনেসের দাবি, আজ বাংলাদেশ সময় রাত ১১টায় জিদানকে নতুন কোচ বানানোর ঘোষণা দেবে রিয়াল। নয় মাস আগে এমন কিছুর কথা কেউ ভাবতে পেরেছিল? এক সপ্তাহ আগেই-বা কে ভাবতে পেরেছিল!