আজই রেকর্ড মেসির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

আর মাত্র দুটি গোল। তাহলেই তেলমো জারাকে ছুঁয়ে ফেলবেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করতে পারলে তাঁকে পেরিয়ে হয়ে যাবেন লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। রেকর্ডটা কি আজই ভেঙে দেবেন মেসি? নাকি অপেক্ষা করবেন আরও বড় মঞ্চের জন্য?
২৫১ গোল নিয়ে প্রায় ছয় দশক ধরে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অ্যাথলেটিক বিলবাওয়ের প্রয়াত স্ট্রাইকার জারা। তাঁকে ছোঁয়া, এমনকি পেরিয়ে যাওয়াটাও আজ খুব কঠিন হওয়ার কথা নয় মেসির জন্য। ন্যু ক্যাম্পে আজ বার্সেলোনার প্রতিপক্ষ যে দুর্বল এইবার! দ্বিতীয় বিভাগ থেকে এই প্রথম লা লিগায় উঠে আসা দলটার সঙ্গে বার্সেলোনার ব্যবধান সাদাচোখেই আকাশ-পাতাল। প্রায় ২৭ হাজার জনসংখ্যার স্প্যানিশ শহর এইবার। শুধু ন্যু ক্যাম্পের ধারণক্ষমতাই গোটা এইবার শহরের জনসংখ্যার তিন গুণেরও বেশি! ক্লাবের সভাপতি অ্যালেক্স আরানজাবালই বলেছেন, ‘আমরা যেকোনো দিন লা লিগায় খেলব, কয়েক বছর আগে এটাই ছিল স্বপ্নের মতো ব্যাপার। ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ আমাদের জন্য খুবই বিশেষ একটা মুহূর্ত।’ জয় কিংবা ড্রয়ের ভাবনা দূরে সরিয়ে রেখে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারাটাই যারা বড় মনে করছে, সেই দলের বিপক্ষে তো মেসি দু-তিনটি গোল করার কথা ভাবতেই পারেন।
আজই জারাকে পেরিয়ে যেতে পারলে মেসির জন্য এটা স্মরণীয় একটা সপ্তাহ হয়েই থাকবে। দুদিন আগেই বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের ১০ বছর পূর্তি হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসিও ফেসবুকে লিখেছেন, ‘বার্সেলোনার জার্সি গায়ে খেলা, অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হয়ে থাকা আমার জন্য সব সময় গর্বের। আমি চাই আরও শিরোপা জিততে।’ লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়াটাও নিশ্চয়ই তেমনি আরেকটা অসাধারণ মুহূর্ত হবে তাঁর জন্য। আজ না হলেও নিশ্চয়ই খুব একটা মন খারাপ হবে না মেসির। বার্সেলোনার পরের ম্যাচটাই আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে। এমন রেকর্ড ভাঙার জন্য এল ক্লাসিকো তো আরও বড় মঞ্চ!
আজ রিয়াল মাদ্রিদও সহজ প্রতিপক্ষই পাচ্ছে সামনে। সিওদাদ দে ভ্যালেন্সিয়ায় আজ কার্লো আনচেলত্তির দল খেলবে লা লিগায় ১৬ নম্বরে থাকা লেভান্তের সঙ্গে। লিগে ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত একটাই জয় পেয়েছে লেভান্তে। কিন্তু পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে নিজেদের মাঠে রিয়ালকে যথেষ্ট ভুগিয়েছে ভ্যালেন্সিয়া শহরের দলটি। গত মৌসুমে এই মাঠে রিয়াল একেবারে শেষ মুহূর্তের দুই গোলে জিতেছিল ন্যূনতম ব্যবধানে (৩-২)। ২০১২-১৩ মৌসুমেও ২-১ গোলের জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল আলভারো মোরাতার শেষ মুহূর্তের গোলের জন্য। এর আগের মৌসুমে তো ১-০ গোলে হেরেই গিয়েছিল স্প্যানিশ পরাশক্তিরা। ২০১০-১১ মৌসুমে ফিরতে হয়েছিল গোলশূন্য ড্র করে। আগের পরিসংখ্যান যদি রিয়ালের দুশ্চিন্তার কারণ হয় তাহলে আনচেলত্তিকে আত্মবিশ্বাস জোগাচ্ছে তাঁর দলের সাম্প্রতিক ফর্ম। গত মাসে লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচ জিতেছে রিয়াল। এই সময়ে ওরা প্রতিপক্ষের জালে দিয়েছে ২৭ গোল! হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
কে জানে আজ লেভান্তেও ভেসে যায় কি না রিয়ালের গোলবন্যায়! এএফপি, বিবিসি।