আজই লোপেজের শেষ ম্যাচ?

গত ১০ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের। মাত্রই ২ মাস ২৩ দিন হলো। কিন্তু এরই মধ্যে ফাবিও লোপেজের ওপর আস্থা হারিয়ে ফেলেছে ফুটবল ফেডারেশন। এই ইতালিয়ান কোচের অধীনে টানা পাঁচ ম্যাচ হারের পর বাফুফে উদ্বিগ্ন। শুধু কর্মকর্তারাই নন, বারবার খেলোয়াড়দের জায়গা বদলে খেলানোর কারণে খেলোয়াড়েরাও নাকি ভেতরে ভেতরে কোচের ওপর বিরক্ত। তাঁরা মুখে এসব প্রকাশ করতে পারছেন না।
আজ চীনের আসিয়ান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে স্থানীয় ক্লাব হেবেইয়ের সঙ্গে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু এই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে কোচের ভাগ্য। এরই মধ্যে গ্রুপ পর্বে দুটি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
লোপেজের সঙ্গে বাফুফের চুক্তি আগামী সাফ পর্যন্ত। আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ সামনে রেখে কোচ দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন। জায়গা বদলে খেলাচ্ছেন ফুটবলারদের। কিন্তু এখনো পছন্দের একাদশ দাঁড় করাতে পারেননি তিনি। কোচের এই পরীক্ষা-নিরীক্ষা ভালোভাবে নেয়নি জাতীয় দল কমিটি। বিশেষ করে গত ম্যাচে স্থানীয় লিগের তৃতীয় বিভাগের দল লিজিয়ানের কাছে হারটা মানতে পারছেন না অনেকেই। আজকের ম্যাচের পর কোচের ব্যাপারে তাই যেকোনো সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘টিম ম্যানেজমেন্ট কোচের পারফরম্যান্সে মোটেও খুশি না। কালকের (আজ) ম্যাচটা যদি হেরে যায় বাংলাদেশ, তাহলে হয়তো কোচের ব্যাপারে নতুন চিন্তাভাবনা করা হবে।’
তবে এ মুহূর্তে কোচবদলের সমস্যাও আছে। প্রথমত কোচের সঙ্গে চুক্তি জানুয়ারি পর্যন্ত। সে ক্ষেত্রে তাঁকে বরখাস্ত করলে ক্ষতিপূরণসহ পুরো বেতন দিতে হবে। কিন্তু বাফুফের ইচ্ছা, লোপেজের বিদায়টা আপসেই হোক। সে ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে সমঝোতাই হবে সমাধান। দ্বিতীয়ত, কোচ বিদায় করে দিলেও এ মুহূর্তে আরেকজন ভালো মানের বিদেশি খুঁজে পাওয়া দুষ্কর। বিকল্প কোচও বাফুফের হাতে নেই। অবশ্য ফুটবলপাড়ায় গুঞ্জন দেশি কোচদের মধ্যে মারুফুল হককে দায়িত্ব দেওয়া হতে পারে।
>শুধু কর্মকর্তারাই নন, বারবার খেলোয়াড়দের জায়গা বদলে খেলানোর কারণে খেলোয়াড়েরাও নাকি ভেতরে ভেতরে কোচ ফাবিও লোপেজের ওপর বিরক্ত
এদিকে কোচ চীন থেকে পাঠানো অডিও বার্তায় কাল নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, ‘আমি কিছু নতুন ফর্মেশনে, নতুন কৌশলে খেলানোর চেষ্টা করছি। ফল হয়তো ইতিবাচক হচ্ছে না। কিন্তু এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কারণ এই ফল মাঠের সত্যিকারের চিত্র নয়।’ অধিনায়ক মামুনুল অবশ্য ঘুরে দাঁড়ানোর আশা করছেন আজ, ‘চীনের স্থানীয় দলের সঙ্গে এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব। আমরা এখানে এসে প্রতিটি ম্যাচেই উন্নতি করছি। এই ম্যাচে জিতলে ৩ পয়েন্ট পাব এবং পরের রাউন্ডেও ওঠার সম্ভাবনা আছে।’