মামুনুল ইসলামের কথাটা এখনো টাটকা, ‘এশিয়ান গেমসে টিকে থাকতে চাইলে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে। আশা করি, ম্যাচটা আমরা জিতব।’ ইনচনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের অধিনায়ক।
আজই সেই দিন। আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। অধিনায়ককে নিশ্চয়ই তাঁর কথাটা মনে করিয়ে দেওয়ার কিছু নেই? এই ম্যাচকেই পাখির চোখ করে মামুনুলরা এশিয়াড মিশনে গেছেন গত সপ্তাহে।
সেদিক থেকে আজই বাংলাদেশের আসল ম্যাচ। ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের আশা না করাই ভালো। ২২ তারিখ হংকংও কঠিন প্রতিপক্ষ। ওই দুই দলের চেয়ে আফগানিস্তানকেই ‘সহজ’ প্রতিপক্ষ বলে গেছেন অধিনায়ক। মাঠে নেমে আজ তা প্রমাণের দায়িত্ব তাঁদের ওপর। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা দুইটায়।
মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশের এগিয়ে থাকার কথা। আফগানিস্তান যে কখনো হারাতে পারেনি বাংলাদেশকে! এ পর্যন্ত দুই দেশের মধ্যে অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দল মিলিয়ে সাতটি ম্যাচ হয়েছে। বাংলাদেশের তিন জয়, বাকি চার ম্যাচ ড্র। উজ্জ্বলতম জয়টা ঢাকায়। ২০১০ এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দলের ফাইনালে আফগানিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ!
কিন্তু বর্তমান ছবিটা ভিন্ন। ওই স্কোরলাইন এখন আফগানিস্তানের বিপক্ষে কল্পনাই করা যায় না। গত বছর সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে আফগানরা উড়িয়েছে বিজয় পতাকা। দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতই এখন কল্কে পায় না আফগানিস্তানের কাছে। আফগান বংশোদ্ভূত অনেক ফুটবলার ইউরোপে খেলে। স্কিল ও শারীরিকভাবে তারা বেশ এগিয়ে। এই অনূর্ধ্ব-২৩ দলেই সাতজন খেলোয়াড় আছে জার্মানভিত্তিক।
বাংলাদেশের সামনে আজ তাই বড় এক চ্যালেঞ্জ। ফিফা র্যাঙ্কিংও তাই বলে। আফগানিস্তান ১২৯। বাংলাদেশ ১৭০। তুলনায় হংকংই (১৬১) কাছাকাছি। কিন্তু আফগানিস্তান দক্ষিণ এশিয়ার চেনা প্রতিপক্ষ বলে তাদের বিপক্ষে জয়ের চ্যালেঞ্জটা নিচ্ছে বাংলাদেশ।
সেই চ্যালেঞ্জে জয়ী হতে বাংলাদেশের কোচ ডি ক্রুইফ দেখেশুনেই ম্যাচটা শুরু করতে চান। সহকারী কোচ সাইফুল বারী ইনচন থেকে বললেন, ‘ক্রুইফ চান প্রথম ১০-১৫ মিনিটে প্রতিপক্ষের কৌশল বুঝে নিতে। কোচ প্রতি-আক্রমণনির্ভর কৌশলই সম্ভবত নেবেন।’
আফগানিস্তানের পুরো দলটি নাকি গতকাল পর্যন্ত ইনচনে পৌঁছায়নি। বাংলাদেশ ওখানে গেছে ৮ তারিখ—এটা শুনে আফগানিস্তান দলের ম্যানেজার একটু ভয়ই পেয়েছেন। সাইফুল বলছিলেন, ‘আমরা আগে এসে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি মনে করে আফগানিস্তানকে একটু শঙ্কিত দেখলাম।’
আগে যাওয়ার একটা বাড়তি সুবিধা আছে। মাঠে তার প্রতিফলন রাখতে পারাই বড় কথা। ইনচনে গত রাতে উড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ উইঙ্গার জাহিদ হোসেনের। জাহিদ সম্ভবত দ্বিতীয় ম্যাচে খেলবেন। তার আগেই ‘আসল’ ম্যাচে পরীক্ষা দেবেন তাঁর সতীর্থরা।