আজও আছে বাংলাদেশের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল ভূঁইয়ারা আজ লাওসে বাংলাদেশের মানুষের স্বপ্ন সঙ্গী করে মাঠে নামবেন। ফাইল ছবি
জামাল ভূঁইয়ারা আজ লাওসে বাংলাদেশের মানুষের স্বপ্ন সঙ্গী করে মাঠে নামবেন। ফাইল ছবি
>

লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপের প্রাক্‌-বাছাইপর্বের অভিযান শুরু করতে যাচ্ছেন জেমি ডের শিষ্যরা।

শিরোনাম দেখে হয়তো চমকে উঠেছেন। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কবে কার সঙ্গে খেলা, সেটা এত দিনে হয়তো সবার মুখস্থ হয়ে গিয়েছে। আজকে তো বাংলাদেশের খেলা নয়, তবে?

আজকে বাংলাদেশের খেলা, এতে সন্দেহ নেই। তবে ক্রিকেট বিশ্বকাপে নয়। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে। ক্রিকেটের ডামাডোলের মধ্যে আজ বাংলাদেশের ফুটবল দল মাঠে নামছে লাওসের বিপক্ষে, ২০২২ বিশ্বকাপের প্রাক্‌-বাছাইপর্বে। বিকেল সাড়ে ৫টায় লাওসের ভিয়েনতিয়েন জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মোকাবিলা করবেন জেমি ডের শিষ্যরা।

এই ম্যাচকে সামনে রেখেই ব্যাংককে দশ দিনের প্রস্তুতি ক্যাম্প করতে গিয়েছিল বাংলাদেশ। সেই ক্যাম্প করে আদৌ লাভ হয়েছে কি না, সেটা বোঝা যাবে আজকে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে, বাকিটায় ড্র করেছে। লাওসে বুধবার বিকেলে অনুশীলনও করেছেন জামাল-সুফিল–রবিউলরা। র‍্যাঙ্কিংয়ে চার ধাপ ওপরে থাকা লাওসের বিপক্ষে তাঁদের মাঠ থেকেই জয় ছিনিয়ে আনতে পারবে বাংলাদেশ, আশাবাদী জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ দল ম্যাচে শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত। অন্তত কোচ জেমি ডে সেটাই বলছেন, ‘আমার দলের প্রস্তুতি ভালো। সবাই শতভাগ দিতে পারলে আমরা ম্যাচ জিততে পারব।’ তবে ম্যাচটি সহজ হবে না, তা পরিষ্কার। জেমিও তাই মনে করছেন, ‘এটা কঠিন ম্যাচ হবে, নিঃসন্দেহে। কেননা, লাওস বেশ শক্তিশালী দল। তবে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখব না।’

লাওসের বিপক্ষে আগের দুই ম্যাচের পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলছে। লাওসের মাঠে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করে এসেছিল বাংলাদেশ। তখন দলের কোচ ছিলেন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড। আর নিজেদের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ।

তবুও লাওসকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘লাওস সহজ প্রতিপক্ষ না। দুই দলের মধ্যে লড়াই হবে। তবে আমাদের প্রস্তুতি ভালো। আমরা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। তবে কোনো ভুল করলে চলবে না। আশা করছি ম্যাচ জিততে পারব আমরা।’