আজীবন নিষিদ্ধ ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক ওয়ার্নার
জ্যাক ওয়ার্নার

দুর্নীতির দায়ে অভিযুক্ত ফিফা কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালীদের একজন ছিলেন তিনি। জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে অর্থ পাচার, প্রতারণাসহ আরও অনেক অভিযোগই আছে। মার্কিন কর্তৃপক্ষের কাছে সাবেক ফিফা সহসভাপতিকে প্রত্যর্পণ করারও কথা চলছে। তবে কাল নিশ্চিত হয়ে গেল ফিফায় আর কখনো ফিরতে পারছেন না। ফিফার নৈতিকতা-বিষয়ক কমিটি সব ধরনের ফুটবলীয় কর্মকর্তা থেকে আজীবন নিষিদ্ধ করেছে ওয়ার্নারকে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ অনেক আগেই উঠেছিল ওয়ার্নারের বিরুদ্ধে। এরপর বিশ্বকাপের টিভি-স্বত্ব বিক্রিতে অনিয়ম, ক্যারিবীয় অঞ্চলে ফিফার প্রকল্পের টাকা আত্মসাতের মতো বেশ কিছু গুরুতর অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে। গত এপ্রিলে জুরিখে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তারের পর ওয়ার্নারও ত্রিনিদাদে আটক হয়ে পরে জামিনে ছাড়া পান। মামলায় শেষ পর্যন্ত দোষী প্রমাণিত হবেন কি না, সময়ই বলে দেবে। তবে ফুটবলের সঙ্গে সব রকমের সংশ্লিষ্টতার অধিকার হারিয়েছেন। ফিফার নৈতিকতা-বিষয়ক কমিটি জানিয়েছে, ফিফা ও কনক্যাকাফে থাকার সময় ওয়ার্নারের বিরুদ্ধে অনেক ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত। ২৫ সেপ্টেম্বর থেকেই যা কার্যকর হয়েছে।
একসময়ের রাজনীতিবিদ ও ত্রিনিদাদের মন্ত্রিসভার সদস্য ওয়ার্নারের ক্যারিবীয় ফুটবলের সঙ্গে সংশ্লিষ্টতা প্রায় ৩৮ বছরের। ১৯৯০ সাল থেকে কনক্যাকাফের সভাপতি ছিলেন ২১ বছর। ফিফা সহসভাপতি, নির্বাহী কমিটির সদস্য পদেও তাঁকে দেখেছে ফুটবল বিশ্ব। চাক ব্লেজারের পর দ্বিতীয় ফিফা কর্মকর্তা হিসেবে পেলেন আজীবন নিষেধাজ্ঞা। এএফপি।