আট গোলের ম্যাচে শেখ জামালের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামালের হয়ে জোড়া গোল করলেন এনামুল(বাঁয়ে)—ছবি: প্রথম আলো
শেখ জামালের হয়ে জোড়া গোল করলেন এনামুল(বাঁয়ে)—ছবি: প্রথম আলো

প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড দেখেছে ড্রয়ের উৎসব। ছয় ম্যাচে হয়েছে ১১ গোল। ড্র হয়েছে পাঁচ ম্যাচ। শিরোপার অন্যতম দাবিদার শেখ রাসেলকে হারিয়ে প্রিমিয়ার লিগের একমাত্র জয়টি তুলে নিয়েছিল উত্তর বারিধারা। কিন্তু দ্বিতীয় রাউন্ডের শুরুর দিনে গোলের বন্যা বয়ে গেল। দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫-৩ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। শেখ জামালের এনামুল হক ২টি গোল করেছেন। ল্যান্ডিং, রাকিব ও শিহাব করেছেন ১টি করে গোল। উত্তর বারিধারার কলিন্স, সেন্টু ও মনির আলম করেছেন তিনটি গোল।
প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে যে স্বপ্নযাত্রা শুরু করেছিল বারিধারা, সেই দলটিকেই বাস্তবের জমিনে টেনে নামাল শেখ জামাল। অবশ্য শেখ জামালের কাছে বারিধারা আগেও হেরেছে বড় ব্যবধানে। সর্বশেষ ফেডারেশন কাপে এই শেখ জামালের কাছেই তারা হেরেছিল ৬-২ গোলের ব্যবধানে। ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের এনামুল হক শরীফ।
প্রিমিয়ার লিগ শুরুর এক দিন আগে কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করে শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ। দলের হাল ধরেছেন গোলকিপিং কোচ মোশাররফ বাদল। প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করা চ্যাম্পিয়নরা জয়ে ফিরল দাপটের সঙ্গেই।