আট ফুটবলার নিয়ে আপিল বিভাগে বাফুফে
আট ফুটবলারকে নিজেদের খেলোয়াড় দাবি করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হাইকোর্টে রিট করেছিল। সেই প্রেক্ষিতে শেখ জামালের পক্ষে দেওয়া হাইকোর্টের অন্তবর্তী আদেশের স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজের কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শুনানি শেষে চেম্বার জজ হাইকোর্টের অন্তবর্তী আদেশ স্থগিত করেননি। বাফুফে লিভ টু আপিল করলে রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এর শুনানি হতে পারে জানিয়ে দিয়েছেন তিনি।
চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আট খেলোয়াড়কে নিজেদের দাবি করে বাফুফের কাছে আজই তাদের ফেরত চায় শেখ জামাল। এ নিয়ে মতিঝিল ফুটবল ভবন হয়ে ওঠে সরগরম। বাফুফে তাদের করণীয় ঠিক করতে দৌড়ঝাঁপ করছে আইনজীবীর কাছে। বাফুফের হয়ে মামলা লড়ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শেখ জামালের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন ইউসুফ হোসেন হুমায়ূন। এই পক্ষের আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোকে বলেন,‘চেম্বার আদালত স্থগিতাদেশ দেননি। আদালত বলেছেন, নিয়মিত লিভ টু আপিল করলে রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।’
উল্লেখ্য, শেখ জামালের দাবি করা আট খেলোয়াড়ের পাঁচজন কদিন আগে শেষ হওয়া দলবদলে নাম লিখিয়েছেন চট্টগ্রাম আবাহনীতে। তাঁরা হলেন জাতীয় দলের বিদায়ী অধিনায়ক মামুনুল ইসলাম, ডিফেন্ডার নাসির উদ্দিন, রায়হান ইয়ামিন মুন্না ও মিডফিল্ডার সোহেল রানা। আবাহনীতে গেছেন গোলরক্ষক সোহেল। শেখ রাসেলে নাম লিখিয়েছেন জামাল ভূঁইয়া ও আলমগীর রানা।
আন্তর্জাতিক ফুটবলে চরম ভরাডুবির পরও ঘরোয়া ফুটবলে সেই ব্যর্থ খেলোয়াড়দের নিয়েই কাড়াকাড়ি চলছে ক্লাবগুলোর মধ্যে। ১ এপ্রিল স্বাধীনতা কাপ নিয়ে মৌসুম শুরু হওয়ার কথা। কিন্তু আট ফুটবলারের দলবদলের ব্যাপারটা আদালতে গড়ানোয় এবার নতুন ফুটবল মৌসুম কবে শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।