আট বছর নিষিদ্ধ ব্ল্যাটার-প্লাতিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার,মিশেল প্লাতিনি
সেপ ব্ল্যাটার,মিশেল প্লাতিনি

গত এপ্রিলে ফিফা কেলেঙ্কারি নিয়ে বোমাটা ফাটার পরই বোঝা যাচ্ছিল, ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটিকে নাড়িয়ে দেবে এই কেলেঙ্কারির খবর। প্রায় নয় মাস পর সেই কেলেঙ্কারির অন্তিম দৃশ্যটা বোধ হয় কাল মঞ্চায়িত হলো। ফিফার নৈতিকতা কমিটির সিদ্ধান্তে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি। এই সময়ের মধ্যে কোনো ফুটবলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না দুজন।
আর্থিক জরিমানাও দিতে হচ্ছে দুজনকে। ফিফার মাত্রই সাবেক হওয়া সভাপতি ব্ল্যাটারকে দিতে হচ্ছে ৪০ হাজার মার্কিন ডলার। আর উয়েফা-প্রধান প্লাতিনিকে দিতে হবে ৮০ হাজার ডলার। তবে দুজনেই চাইলে সর্বোচ্চ ক্রীড়া আদালতের কাছে এই শাস্তির বিপক্ষে আপিল করতে পারবেন।
গত মে মাসে ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন পঞ্চমবারের মতো। এর কয়েক দিন পরই ফিফাকে ঘিরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন ব্ল্যাটার। তখন প্লাতিনিকেই মনে করা হচ্ছিল ব্ল্যাটারের সম্ভাব্য উত্তরসূরি। কে জানত, চার মাস পর তাঁদের দুজনের গায়েও লাগবে দুর্নীতির কালিমা।
গত সেপ্টেম্বরেই অভিযোগ উঠল, ২০১১ সালের ফেব্রুয়ারিতে ব্ল্যাটার ও প্লাতিনি ২০ লাখ ডলারের ‘অনৈতিক’ লেনদেন করেছিলেন। যে লেনদেনে ফিফার স্বার্থ রক্ষিত হয়নি বলেও অভিযোগ তুললেন সুইজারল্যান্ডের আইনজীবীরা। এরই মধ্যে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্রও জমা দেন প্লাতিনি। ব্ল্যাটার ও প্লাতিনি, দুজনেই দাবি করেছিলেন, ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত প্লাতিনি ফিফার একটা প্রকল্পে কাজ করেছিলেন, তারই পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল এই ২০ লাখ ডলার। তবে এত দিন পর কেন এই অর্থ পরিশোধ করা হয়েছে, সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি ব্ল্যাটার বা প্লাতিনি। শেষ পর্যন্ত এই আর্থিক লেনদেনকে তাই ‘অনৈতিক’ বলেই ঘোষণা করেছে ফিফার নৈতিকতা কমিটি। দুজনকে ৯০ দিনের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে গিয়েছিলেন দুজনই। সেখানে প্রত্যাখ্যাত হওয়ার পরই বোঝা যাচ্ছিল, আরও বড় শাস্তি অপেক্ষা করে আছে দুজনের জন্য।
গতকালের বিবৃতিতে নৈতিকতা কমিটি অবশ্য সরাসরি দুর্নীতির অভিযোগে শাস্তি দেওয়ার কথা বলেনি। তবে ব্ল্যাটার ও প্লাতিনি নৈতিকতা পরিপন্থী কাজ করে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে জানানো হয়েছে সেখানে। দুর্নীতির অভিযোগ ওঠার পরেই ব্ল্যাটার দাবি করেছিলেন, দুজনের মধ্যে মৌখিক একটা চুক্তি হয়েছিল। সুইস আইনে সে রকম চুক্তি বৈধ বলেও উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু নৈতিকতা কমিটি যে সেই যুক্তি মেনে নেয়নি, তা তো পরিষ্কারই।
দীর্ঘ এই নিষেধাজ্ঞার কারণে ফুটবল প্রশাসক হিসেবে ৭৯ বছর বয়সী ব্ল্যাটারের ক্যারিয়ার শেষই হয়ে গেল বলে মনে করা হচ্ছে। তবে ব্ল্যাটার কাল সংবাদ সম্মেলনে আবারও নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘আমি নিজের ও ফিফার জন্য লড়াই করে যাব।’ দরকার হলে সুইস আইনের আওতায় আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়ে রেখেছেন সাবেক ফিফা সভাপতি।
অবশ্য ব্ল্যাটারের দাবিতে এখন অনেকেরই আর বিশ্বাস নেই। অনেক দিন ধরেই ফিফায় সংস্কারের কথা বলে আসা ব্রিটিশ রাজনীতিবিদ ডামেইন কলিন্স যেমন কাল বলেছেন, ‘মাছের পচন ধরে মাথা থেকে। আর ফিফার মাথা কতটা পচে গিয়েছিল, তা এখন আমরা সবাই জানি।’ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডেভিড বার্নস্টেইন ব্ল্যাটার সম্পর্কে বলেছেন, ‘তিনি এখন একজন ডুবন্ত মানুষ। এখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই।’
ব্ল্যাটারের পর প্লাতিনিও নিশ্চিত করেছেন, রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাবেন। তবে গতকালের এই রায়ের পর ফেব্রুয়ারির ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল ৬০ বছর বয়সী সাবেক উয়েফা সভাপতির। সর্বোচ্চ ক্রীড়া আদালতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও লাভ হবে না কোনো! এএফপি।