আট বছর পর স্পেনের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই দুর্দান্ত এক ফ্রি-কিকে বিভ্রান্ত করেছেন ইকার ক্যাসিয়াসকে। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে এগিয়ে গেছে স্লোভাকিয়া। স্লোভাক মিডফিল্ডার ইউরাই কুৎসকা (মাঝে) তো উদ্‌যাপনের মধ্যমণি হবেনই! পরশু স্লোভাকিয়ার জিলিনায় ইউরোর বাছাইপর্বে ষ এএফপি
মাত্রই দুর্দান্ত এক ফ্রি-কিকে বিভ্রান্ত করেছেন ইকার ক্যাসিয়াসকে। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে এগিয়ে গেছে স্লোভাকিয়া। স্লোভাক মিডফিল্ডার ইউরাই কুৎসকা (মাঝে) তো উদ্‌যাপনের মধ্যমণি হবেনই! পরশু স্লোভাকিয়ার জিলিনায় ইউরোর বাছাইপর্বে ষ এএফপি

সোলনা থেকে জিলিনা। ২০০৬ থেকে ২০১৪। দীর্ঘ আট বছর পর ভুলে যেতে বসা স্বাদটা পেল স্পেন। পরশু ইউরো ২০১৬-এর বাছাইপর্বে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বা ইউরো—গত আট বছরে বাছাইপর্বে ‘লা ফুরিয়া রোজা’দের এটাই প্রথম হার। ‘সি’ গ্রুপের ম্যাচে চেলসির সাবেক মিডফিল্ডার মিরোস্লাভ স্টোখের ৮৭ মিনিটের গোলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে পূর্ব ইউরোপের ছোট্ট দেশ স্লোভাকিয়া। ২০০৬ সালের অক্টোবরে সুইডেনের কাছে হারের পর বাছাইপর্বে টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিল স্পেন।
বাছাইপর্বের প্রথম ম্যাচে মেসিডোনিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ভিসেন্তে দেল বস্কের দলের ওপর পরশু যেন ভর করল বিশ্বকাপের ভূত। যেসব ভুল করে বিদায়ঘণ্টা বেজেছিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই, জিলিনায় সেগুলোরই পুনরাবৃত্তি করল স্পেন। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের অমার্জনীয় ভুল, ডিয়েগো কস্তার গোলের সুযোগ নষ্ট—নিজেদের পায়ে বল বেশি রেখেও তাই মূল্য দিয়েছে স্প্যানিশরা।
১৫ মিনিটে সেস্ক ফ্যাব্রিগাসের ক্রসে পাওয়া বলটিকে বাইরে পাঠিয়ে স্পেনের হয়ে প্রথম গোলের জন্য অপেক্ষাটা আরও বাড়িয়েছেন কস্তা। ব্যর্থতার মাশুল মিনিট দুয়েকের মধ্যেই গুনতে হয় স্পেনকে। ইউরাই কুৎসকার জোরালো ও বাঁকানো ফ্রি-কিকটা আক্ষরিক অর্থেই বোকা বানায় ক্যাসিয়াসকে। ইউরো ও বিশ্বকাপজয়ী গোলরক্ষক বলের কাছাকাছি থেকেও কীভাবে যেন শুধু আলতো একটা ছোঁয়াই দিতে পারলেন। ৮২ মিনিটে বদলি নামা পাকো আলকাসারের গোলে স্প্যানিশরা সমতা আনলেও শেষ মুহূর্তে প্রতি-আক্রমণেই আসে স্টোখের ওই গোল।
বিশ্বকাপ-ব্যর্থতার পর আবার এই হার। স্পেন কি হাঁটছে উল্টো পথেই? কোচ দেল বস্ক অবশ্য তেমনটি ভাবছেন না, ‘আমি মনে করি ড্রটা অন্তত আমাদের প্রাপ্য ছিল। তবে এটা মনে করি না যে আমরা বিপরীত দিকে যাচ্ছি। আমাদের বেশি গোল করা উচিত ছিল, তবে ভয়ংকর ওই পাল্টা-আক্রমণটাই সর্বনাশ করেছে। ওদের গোলরক্ষকও ছিল অসাধারণ।’
স্প্যানিশরা হারলেও পরশু জিতেছে ইংল্যান্ড। ওয়েম্বলিতে পুঁচকে স্যান মারিনোকে ৫-০ গোলে হারিয়েছে রুনিরা। পেনাল্টি থেকে একটি গোল পেয়েছেন রুনি। এ ছাড়া জাগিয়েলকা, ওয়েলবেক ও টাউনসেন্ডের গোলের পর একটি আত্মঘাতী গোলও উপহার পেয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের গ্রুপসঙ্গী বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা সুইজারল্যান্ড ১-০ গোলে হেরে গেছে স্লোভেনিয়ার কাছে। গ্রুপ ‘জি’র দুই ফেবারিট রাশিয়া ও সুইডেনের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। এএফপি, রয়টার্স।