আটকে গেল অ্যাটলেটিকো

নিষেধাজ্ঞার খড়গে থাকা কোচ ডিয়েগো সিমিওনে বাইরে বসে কেবল ছটফটই করলেন। বায়ার্ন থেকে আসা এই মৌসুমে দলের অন্যতম ভরসা মারিও মানজুকিচ দুটো নিশ্চিত সুযোগকে পায়ে ঠেললেন। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদও বঞ্চিত হলো নতুন মৌসুমে শুভ সূচনার স্বাদ নিতে। রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগায় অ্যাটলেটিকোর প্রথম ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে।
স্প্যানিশ সুপার কাপে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে লাল কার্ড দেখে আট ম্যাচের নিষেধাজ্ঞার সম্মুখীন কোচ সিমিওনে। ডাগআউটে কোচের অনুপস্থিতি যেন বড্ড বাজেভাবেই তাড়িয়ে বেড়াল অ্যাটলেটিকোকে। সুপার কাপ চ্যাম্পিয়নরা কাল রাতে ছিল নিজেদের সেরার চেয়ে অনেক দূরে। নতুন আসা খেলোয়াড়েরাও এমনভাবে খেললেন যেন সুপার কাপের দুই লেগের ধকল এখনো শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন।
অ্যাটলেটিকোর ক্রোট স্ট্রাইকার মানজুকিচ চাইবেন গতকালকের রাতটা খুব তাড়াতাড়িই ভুলে যেতে। প্রথমার্ধের প্রায় শেষের দিকে মানজুকিচ যে দুটো গোলের সুযোগ নষ্ট করেছেন, তা নিশ্চিতভাবেই তাঁকে বেশ কিছুদিন তাড়িয়ে বেড়াবে। প্রথমে ক্রিস্টিয়ান আনসালেদির নিচু হয়ে আসা ক্রস থেকে তিনি খুব কাছ থেকে বল বাইরে মারেন। পরের বার ভায়েকানোর ডি-বক্সের মাথা থেকে তাঁর নেওয়া শট প্রতিপক্ষের গোলরক্ষক আলভারেজের গায়ে লেগে প্রতিহত হয়।
ভায়েকানো দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকোর ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল। কিন্তু অ্যাটলেটিকোর রক্ষণের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। ভায়েকানোর পক্ষে ম্যাচটিকে নিয়ে যাওয়ার সবচেয়ে দারুণ সুযোগটি হাতছাড়া করেন মানুচো। হাভিয়ের অ্যাকুইয়েনোর ক্রসে তাঁর দুর্দান্ত ডাইভিং হেড দারুণ দৃঢ়তায় ঠেকিয়ে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক মিগুয়েল অ্যাঙ্গেল মোয়া।
এই ড্রয়ে শিরোপা রক্ষার মিশন প্রবল প্রতিপক্ষ বার্সেলোনা ও রিয়ালের চেয়ে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করল অ্যাটলেটিকো। বার্সেলোনা প্রথম ম্যাচে এলচেকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। কাল দিনের অপর খেলায় করদোবাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা হয়েছে অ্যাটলেটিকোর নগর-প্রতিদ্বন্দ্বীদের। সূত্র: এএফপি।