আটত্রিশেও সবুজ লুকা টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুকা টনি
লুকা টনি

১৭ বছর বয়সে যখন লুকা টনি পেশাদার ক্যারিয়ার শুরু করেন, ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দি মাত্র হামাগুড়ি দিতে শিখেছেন। ইকার্দির বয়স এখন ২১, এই সময়ের সবচেয়ে সম্ভাবনাময়দের একজন এই আর্জেন্টাইন। সেই ইকার্দিকেই এবার একটা পুরস্কার ভাগাভাগি করতে হলো বয়সে দ্বিগুণের কাছাকাছি টনির সঙ্গে। ২২ গোল করে সিরি ‘আ’র সবচেয়ে বেশি গোলের বরমাল্য যে দুজনের গলাতেই উঠেছে!
টনির সাফল্যই বিস্ময়কর। ৩৮ বছর বয়স তো মাঠ ছেড়ে ডাগ-আউটে চলে আসার সময়। তারকাদের কেউ কেউ এই বয়সে মাঠের খেলায় থাকলেও শীর্ষ লিগের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যের আয়েশি ক্যারিয়ার বেছে নেন। আবার কেউ বেঞ্চে বসে অবসরের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেন। টনি আক্ষরিক অর্থেই হাঁটুর বয়সী ফুটবলারদের সঙ্গে শুধু খেলছেনই না, পাল্লা দিচ্ছেন। সিরি ‘আ’তে এর চেয়ে বেশি বয়সে সর্বোচ্চ গোলদাতা আগে কেউ হয়নি।
মজার ব্যাপার, সিরি ‘আ’তে একই মৌসুমে দুজন সর্বোচ্চ গোলদাতা হওয়ার সর্বশেষ ঘটনা ২০০১-০২ মৌসুমে। সেবার ২৪ গোল করেছিলেন ডেভিড ত্রেজেগে ও দারিও হুবনার। ইতালিয়ান স্ট্রাইকার হুবনারের বয়স ছিল তখন ৩৫, টনির আগে সবচেয়ে বেশি বয়সে সর্বোচ্চ গোল করার রেকর্ড ওটাই।
অথচ তিন বছর আগে যখন আমিরাতের ক্লাব আল নাসরে যোগ দেন, স্বাভাবিকভাবেই টনির ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেই বছরেই দলবদলের মৌসুম শেষ হওয়ার আগে পুরোনো ক্লাব ফিওরেন্টিনা তাঁকে দলে ফিরিয়ে আনে। এই ফিওরেন্টিনার হয়েই টনি প্রথমবার সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা হন ২০০৫ সালে। ২০১২-১৩ মৌসুমে ৮ গোল করে দেন, পুরোপুরি ফুরিয়ে যাননি। তবে নবজীবন যেটাকে বলে, সেটা পেলেন হেল্লাস ভেরোনায় এসে। গত মৌসুমে ২০ গোল করে সিরি ‘আ’র দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে এবার হয়ে গেলেন সর্বোচ্চ গোলদাতাই।
এমন ফর্মে থাকলে আপাতত অবসরের চিন্তা নিশ্চয়ই মাথায় আনতে চাইবেন না। টনি গত সপ্তাহে সে রকমই যেন সুর ভাঁজলেন গলায়, ‘যত দিন পর্যন্ত ব্যবধান গড়ে দিতে পারব, তত দিন খেলে যেতে চাই। আমি কারও বোঝা হয়ে থাকতে চাই না।’
অবনমন থেকে ভেরোনাকে বাঁচানোর পর কে বলবে তিনি দলের বোঝা? এএফপি।