আড়মোড়া ভাঙলো বঙ্গবন্ধু স্টেডিয়াম

ফুটবলে দর্শক হয় না বলে যাঁদের আক্ষেপ তাঁদের জন্য শুক্রবারের বিকেলটা ছিল দারুণ তৃপ্তির। মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচটি অনেক দিন পর ঢাকার ফুটবলপ্রেমী দর্শকদের সুযোগ করে দিল ফুটবলের অমৃত-সুধা উপভোগের। আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ৬-০ ব্যবধানের জয় সেই আনন্দকে যেন বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। বাংলাদেশের কিশোরী মেয়েরা কাল চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিল, ভালো কিছু দিতে পারলে ঢাকার দর্শক আজও স্টেডিয়ামে ভিড় করতে এতটুকু দ্বিধায় ভোগেন না।
বিশ্বকাপ ফুটবলের সময় অনেক বোদ্ধারই এ দেশের মানুষের ফুটবলপ্রেমটাকে কটাক্ষ করতে শোনা গেছে। তাঁদের অভিযোগ ছিল, এ দেশের মানুষের যদি সত্যিই ফুটবলপ্রেম থাকে, তাহলে তাঁরা কেন মাঠে এসে দেশের ক্লাব বা জাতীয় দলের খেলা দেখেন না! কিন্তু সেই বোদ্ধারা নিজেদের তোলা প্রশ্নের উত্তরটা কাল পেয়ে গেছেন দারুণভাবেই। ফুটবলের হারানো দর্শককে মাঠে ফেরাতে আসলে সাফল্য আর নতুন কিছুর কোনো বিকল্প নেই।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের খেলা চারদিকে মুগ্ধতার আবেশই ছড়িয়েছে। শক্তিমত্তায় অনেকটাই এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ জানপ্রাণ দিয়ে লড়ে জয় ছিনিয়ে নিয়ে আসার পরপরই এই দলটার প্রতি সবার আগ্রহ বেড়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে ছেঁকে বের করে আনা ষোল বর্ষীয় এই জাতীয় দলটির প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েও তৈরি হয়েছে অনন্য এক আগ্রহ। মেয়েদের এই দলটি প্রমাণ করেছে, ফুটবলের উন্নতি করতে, এ দেশের ফুটবলের হারানো গ্ল্যামার ফিরিয়ে আনতে তৃণমূলের আশ্রয় না নিয়ে কোনো উপায় নেই ফুটবল ফেডারেশনের।
কাল ভারতের বিপক্ষে এই মেয়েরা মাঠে নামবে চ্যালেঞ্জিং এক লড়াইয়ে। রোববার কর্মমুখরতার দিনে এই খেলা দেখতে শুক্রবারের মতো দর্শক হবে কি না, সেটা এখনই অনুমান করা না গেলেও অনূর্ধ্ব-১৬ বছরের মেয়েরা যে আকর্ষণ তৈরি করেছে, সেটা ফিরিয়ে দেওয়া নিখাদ ফুটবলপ্রেমীদের পক্ষে হবে বেশ কষ্টকরই। কালও বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি মুখরিত হয়ে উঠবে, মেয়েদের জয়যাত্রা থাকবে অব্যাহত—এতটুকু প্রত্যাশা তো করাই যায়। সেই সঙ্গে প্রত্যাশা থাকবে, ফুটবল-কর্তাদের সুমতিরও। তাঁদের মনোযোগটা তৃণমূলে পৌঁছলেই যে বেঁচে যায় এ দেশের হারিয়ে যাওয়া ফুটবল।