আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না বার্সা কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই রিয়ালকেও হারানো সম্ভব। ছবি: এএফপি
এই রিয়ালকেও হারানো সম্ভব। ছবি: এএফপি

চাঁদেরও অমাবস্যা আসে। জোয়ার যেমন সত্যি, ভাটাও তো বাস্তবতা। স্প্যানিশ লিগের প্রবল পরাক্রমশালী বার্সেলোনাকে মাটিতে নামিয়েছে আরেক পরাশক্তি রিয়াল মাদ্রিদ। দুই সপ্তাহ আগে রেকর্ড ট্রান্সফার ফি বিনিময়ে নেইমার পিএসজিতে এসেছেন। আর সেই শূন্যস্থান পূরণে আঁতিপাঁতি করে খেলোয়াড় খুঁজে বেড়ানো কাতালান দলটিকে মৌসুমের প্রথম শিরোপা নির্ধারণী ম্যাচে উড়িয়ে দিয়েছে রিয়াল। সব মিলিয়ে মৌসুম শুরুর আগেই বার্সার সংসার যেন এলোমেলো। তবে এই সংসারের অভিভাবক বলছেন, এতেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

এক কথা দিয়ে দুই বার্তা যেন দিতে চাইলেন বার্সার নতুন কোচ আর্নেস্তো ভ্যালভার্দে। চিরকাল কেউ অপ্রতিরোধ্য দল হয়ে থাকে না। ভাঙাগড়ার ভেতর দিয়ে যেতে হয়। এ সময় রিয়ালকে দর্শক বানিয়ে ট্রফির পর ট্রফি ঘরে তুলেছে বার্সা। এখন সেই সুসময় হয়তো যাচ্ছে রিয়ালের। তার মানে এমন নয়, রিয়ালকে কেউ কখনো হারাতে পারবে না।
ভ্যালভার্দে বলেছেন, ‘ফুটবলে অপরাজেয় দল বলে কিছু নেই। যদি খেলাটায় নিশ্চিত কোনো কিছু থাকে, সেটা হলো কখনো না কখনো আমাদের হারতেই হয়।’
দুই লেগ মিলিয়ে বার্সাকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল। কী বার্তা পেলেন ভ্যালভার্দে? ‘এটা সত্যি, আমরা এই শিরোপাটা হারিয়েছি। জিততে চেয়েছিলাম, আর এটাই প্রাক-মৌসুমের শেষ ম্যাচ। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আর কোনো উপায় নেই। প্রাক-মৌসুমে বেশ কিছু ঘটনা দলের ভারসাম্য নষ্ট করেছে। আমাদের নতুন করে ছন্দ ফিরে পেতে হবে, ভালো খেলতে হবে এবং জিততে হবে।’
প্রতিপক্ষকে প্রাপ্য সম্মানই দিয়েছেন বার্সা কোচ, ‘মাদ্রিদ আমাদের চেয়ে ভালো খেলেছে, বিশেষ করে দ্বিতীয় ম্যাচে; প্রথমটায় নয়। প্রতিপক্ষের মেধাকে স্বীকৃতি দিতে আমাদের কুণ্ঠা নেই।’ সূত্র: মার্কা ও গোলডটকম।