আতলেতিকোকে ফেবারিট মেনে নিলেন জিদান

ডাগআউটে রিয়াল মাদ্রিদ কোচ জিদান।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগার শিরোপা হাতে আতলেতিকো মাদ্রিদ সর্বশেষ আনন্দ উৎসবে মেতে উঠেছিল ছয় বছর আগে। এবারের লিগে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। যেভাবে খেলছে আতলেতিকো, তাতে ডিয়েগো সিমিওনের দলের হাতেই শিরোপা দেখতে পাচ্ছেন অনেকে। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও নগরপ্রতিদ্বন্দ্বীদের দাপট স্বীকার করে নিয়েছেন।

আলফ্রেডো ডি স্টেফানোতে আগামীকাল শনিবার রাতে আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলেও এই মুহূর্তে আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। লিগের চতুর্থ স্থানে আছে জিদানের দল।

মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না রিয়ালের।
ছবি: এএফপি

এই ম্যাচে সত্যিকার অর্থে কারা ফেবারিট? জিদান অবশ্য নির্দ্বিধায় বলে দিয়েছেন আতলেতিকোর নাম, ‘অবশ্যই আতলেতিকো মাদ্রিদ ফেবারিট। ওরা মাঠেই সেটা করে দেখিয়েছে। ওরা চমৎকার এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলছে। ওরা এভাবে খেলছে বলেই এখন শীর্ষে আছে।’

যদিও আতলেতিকোর চেয়ে নিজেদের খেলাতেই বেশি মনোযোগ জিদানের, ‘আমরা কী করতে যাচ্ছি, সেটাই আমরা দেখতে চাইছি। এটা চমৎকার একটা ফুটবল ম্যাচ হবে। এটা এমন এক ম্যাচ, যেটা দেখার জন্য সমর্থকেরা ডায়েরিতে দাগ কেটে রাখে এবং ফুটবলাররা এমন ম্যাচই খেলতে চায়। লিগ শিরোপা জিতব কি না, সেটা নিয়ে না ভেবে আমরা কেমন দল, সেটাই আমরা দেখাতে চাই প্রতি ম্যাচে। আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। আমরা খেলতে চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল।’

লা লিগায় দুর্দান্ত ফর্মে আছেন আতলেতিকোর ইয়োরন্তে (মাঝে)।
ছবি: রয়টার্স

ম্যাচের আগে আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের প্রশংসা ঝরল জিদানের কণ্ঠে, ‘প্রত্যেক কোচ তার নিজস্ব কৌশলে খেলান। তিনি যেমন, তেমনটাই খেলাবেন। আমি অন্যের মতো হতে পারব না এবং অন্য কেউ আমার মতো হবে না। আমি যখন আমার কোচিং কোর্স করছিলাম, তখনই বলা হয়েছিল, “তোমাকে তোমার মতোই হতে হবে।” সিমিওনে অসাধারণ একজন কোচ এবং আমিও আমার কাজ যতটা পারি করার চেষ্টা করি।’

আগামীকালের ম্যাচটি মার্কোস ইয়োরন্তের জন্য প্রত্যাবর্তনের। রিয়াল একাডেমির এই ডিফেন্সিভ মিডফিল্ডার জিদানের অধীনে মাঠে নামতে পারছিলেন না। নিয়মিত খেলার সুযোগ না পেয়ে বিরক্ত হয়ে আতলেতিকোতে যোগ দিয়েছেন। সেখানে ভূমিকা বদলে এখন ছায়া স্ট্রাইকার হিসেবে খেলছেন, নিয়মিত দলের গোলে অবদান রাখছেন। যাঁকে সুযোগ দেননি, তাঁর এমন দারুণ পারফরম্যান্স অবশ্য স্বাভাবিক মনে হচ্ছে জিদানের কাছে, ‘আমি এতে মোটেও অবাক হইনি। ও শীর্ষ পর্যায়ের একজন খেলোয়াড় এবং সে মাদ্রিদে যেটা করতে পারেনি, সেটা করে দেখাচ্ছে ওখানে। ওর যে অনেক প্রতিভা, সেটা তো জানা কথা এবং আমি ওর জন্য আনন্দিত।’