আতশবাজি আর হতাশারাজি
‘স্টেডিয়াম থেকে বের হও, দেশকে আর লজ্জা দিয়ো না।’ পরশু স্তাদে জফোয়ে গিঁশায় ক্রোয়াট সমর্থকদের উদ্দেশে করা হচ্ছিল এ অনুরোধ। ম্যাচের ৮৫ মিনিটে মাঠে আতশবাজি ছুড়ে মারেন ক্রোয়েশিয়ার কিছু সমর্থক। বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয় খেলা।
অনাকাঙ্ক্ষিত এ বিরতির মূল্য মাঠেই দিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। ঘটনার আগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে। ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচ এ নিয়ে প্রচণ্ড হতাশ, ‘খেলা থামার পরই আমরা গতি হারিয়েছি। আমরা ভাগ্যবান যে খেলা শেষ হয়েছে, রেফারি তো তখনই খেলা থামিয়ে দিতে চেয়েছিল।’
ক্রোয়েশিয়া এখন বাকি ম্যাচটি খেলতে পারবে কি না, সেই শঙ্কাই জেগেছে। প্রথম ম্যাচেও মাঠে আতশবাজি ফুটিয়েছিল ক্রোয়াট সমর্থকেরা। সে ঘটনার শুনানি হবে ২১ জুন। আবারও একই ঘটনা। রাকিটিচের দুশ্চিন্তা এখানেই, ‘দেখা যাক, স্পেন ম্যাচটা আমরা খেলতে পারি কি না। যা হলো, তারপর আমাদের হয়তো দেশেই ফিরতে হবে। শুধু শুধু তো আর দেশে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলি না আমরা।’
ক্রোয়েশিয়ার সমর্থকদের এ আচরণ নতুন কিছু নয়। ২০১৪ সালে মিলানেও আতশবাজি ছুড়েছিল তারা। শাস্তিস্বরূপ নিজেদের মাঠে এক ম্যাচ স্টেডিয়ামের কিছু অংশ বন্ধ রেখেই খেলতে হয়েছিল ক্রোয়েশিয়াকে। গত বছরের জুনে জাতিবিদ্বেষী আচরণের দায়ে আরও দুই ম্যাচ তাদের খেলতে হয় দর্শকশূন্য স্টেডিয়ামে।
দেশটির প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচও ফেসবুকে লিখেছেন, ‘তোমরা ক্রোয়েশিয়ার শত্রু! তোমরা দলকে ঘৃণা করো, তোমরা ওর্জুনাসিমা (সাবেক যুগোস্লাভিয়ান নাৎসি)।’ ক্রোয়াট কোচ আন্তে চাচিচ অবশ্য এদের সমর্থকই মনে করেন না, ‘এরা ক্রোয়েশিয়ার সমর্থক নয়। এরা ক্রীড়া সন্ত্রাসী।’ রয়টার্স।