আত্মঘাতী গোলে হার যুবাদের

বেশ কদিন ধরেই বাংলাদেশের ফুটবলে আসছে একের পর এক জয়। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ যুবদলের হার তাই একটু ধাক্কার মতোই লাগছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। স্বাগতিক নেপালের কাছে ২-১ ব্যবধানে হারটা কিন্তু যথেষ্ট দুর্ভাগ্যেরই। খেলার একেবারে অন্তিম মুহূর্তে টুটুল হোসেনের আত্মঘাতী গোল কপাল পোড়ায় বাংলাদেশের।
কাঠমান্ডুর আনফা মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুর দিকে যথেষ্ট দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। ১১ মিনিটে গোল করে আনফা মাঠকে স্তব্ধ করে দেন বাংলাদেশের রোহিত সরকার। কিন্তু এই আগ্রগামিতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ মিনিটেই আবার উপস্থিত দর্শকদের আনন্দে ভাসিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনেন অঞ্জন বিষ্টা।
এর পর থেকে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডিই। বাংলাদেশ-নেপাল দুই দলই ছিল একে অন্যের ওপর চড়াও। কিন্তু গোলের সুযোগ তৈরিতে কিছুটা এগিয়ে ছিল নেপাল। পুরো সময়টাতেই বাংলাদেশের গোলরক্ষক আনিসুর ছিলেন দুর্দান্ত। ৬৮ ও ৭৪ মিনিটে বাংলাদেশের গোলবার লক্ষ্য করে নেপালি ফরোয়ার্ডের নেওয়া দুটি জোরালো শট রুখে দেন তিনি। ৭৮ মিনিটে বাংলাদেশের একটি দারুণ আক্রমণে অফ সাইডের বাঁশি বাজান রেফারি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দুর্ভাগ্যের শিকার হয় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া একটি ফ্রি-কিক বাংলাদেশের বক্সে উড়ে আসলে তাতে হেড করেন নেপালের এক ফরোয়ার্ড। কিন্তু তাঁর হেড বাংলাদেশের টুটুলের পায়ে লেগে বোকা বানায় গোলরক্ষক আনিসুরকে।
প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আজ নেপালের বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে খেলার সুযোগ পেত বাংলাদেশ। হেরে যাওয়ায় সেমির লড়াইয়ে হয়তো ভারতের মতো কঠিন প্রতিপক্ষই পেতে চলেছেন সাইফুল বারী টিটোর শিষ্যরা।