আত্মঘাতী গোলে হারল যুবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের একমাত্র গোলদাতা রোহিত সরকারকে বাধা দিচ্ছেন নেপালের দুই ফুটবলার। কাল নেপালের একাডেমি মাঠে l ছবি: বাফুফের সৌজন্যে
বাংলাদেশের একমাত্র গোলদাতা রোহিত সরকারকে বাধা দিচ্ছেন নেপালের দুই ফুটবলার। কাল নেপালের একাডেমি মাঠে l ছবি: বাফুফের সৌজন্যে

শেষ সময়ে গোল খেয়ে জয়বঞ্চিত হওয়া বা হার—জাতীয় দলের পুরোনো রোগ। এই রোগেই আক্রান্ত হলো যেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল নেপালের কাছে বাংলাদেশ হেরেছে শেষ মুহূর্তের গোলে। নির্ধারিত সময়ে ১-১-এ সমতায় থাকা ম্যাচটি যোগ হওয়া সময়ে বাংলাদেশ হেরে গেছে টুটুল হোসেনের আত্মঘাতী গোলে (১-২)। অথচ গোটা ম্যাচ যেভাবে খেলেছেন আবাহনীর বয়সভিত্তিক দলের এই ডিফেন্ডার, তাতে খলনায়ক নয়, অন্যতম নায়কের আসনই তাঁর প্রাপ্য ছিল।
তিন দলের গ্রুপে ভুটানকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। জিতলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন—এই সমীকরণ নিয়ে কাল স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছিলেন যুবারা। কিন্তু নেপাল একাডেমি মাঠে হেরে যাওয়ায় বাংলাদেশ হলো রানার্সআপ। আগামী পরশু, ২৭ আগস্ট সেমিফাইনালে বাংলাদেশ পাবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নকে। সেটি ভারত হওয়ার সম্ভাবনাই বেশি। আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারিয়ে ভারত এগিয়ে আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। দুই ম্যাচের একটিতে মালদ্বীপকে হারিয়ে ৩ পয়েন্ট আফগানিস্তানেরও। ভারত আজ দুর্বল মালদ্বীপের সঙ্গে ড্র করতে পারলে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
ম্যাচের ১১ মিনিটেই রোহিত সরকারের গোল—বাংলাদেশ এ ম্যাচেও দিয়েছিল জয়ের পূর্বাভাস। মান্নাফ রাব্বির ক্রস থেকে ডান প্রান্তে থাকা রোহিত চমৎকার শটে এগিয়ে নেন বাংলাদেশকে। দুই ম্যাচে ২ গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বিকেএসপির এই ফরোয়ার্ড। ৩ গোল করে সবার ওপরে নেপালের বিমল ঘাড়তি মাগার।
বাংলাদেশ অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ১৬ মিনিটে পেনাল্টি পেয়ে যায় নেপাল। বক্সের মধ্যে দাঁড়ানো সালাউদ্দিনের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফিরিয়েছেন (১-১) অঞ্জন বিশতা। ডিফেন্ডার সালাউদ্দিন একটি গোল সেভ না করলে ২৪ মিনিটেই পিছিয়ে পড়ত বাংলাদেশ, অবশেষে পিছিয়ে পড়ল অতিরিক্ত সময়ের আত্মঘাতী গোলে। যেখান থেকে সমতা ফেরানোর সময় আর ছিল না!
দ্বিতীয়ার্ধে নেপালেরই দাপট ছিল বেশি। বাঁ প্রান্ত দিয়ে একাধিকবার বক্সে ঢুকেছেন সুনীল বল। বেশির ভাগ সময়ই টুটুল কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেছেন আক্রমণগুলো। কিন্তু ম্যাচের যোগ হওয়া সময়ে বিশ্বাস শ্রেষ্ঠকে অবৈধভাবে ফেলে দিয়ে সর্বনাশটা ডেকে আনেন টুটুলই। বক্সের সামান্য বাইরে থেকে সুনীল বলের ফ্রি-কিক, মাসুক মিয়ার মাথা ছুঁয়ে টুটুলের পায়ে জমা পড়ে। টুটুল সেটি ক্লিয়ার করতে গিয়ে ঢুকিয়ে দেন জালে। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান অবিশ্বাসে তাকিয়ে থাকলেন টুটুলের দিকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আনিসুর, রহমত, ইমন, টুটুল, সালাউদ্দিন, মাসুক, রোহিত, শাহরিয়ার (ফয়সাল), মান্নাফ রাব্বি, বিপলু (অনীক), ইব্রাহিম।