আত্মঘাতী গোলও এমন হয়!
>• দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোলে সিরি ‘আ’তে হেরেছে ইন্টার মিলান।
• আন্দ্রেয়া রানোচ্চিয়ার গোলে ৪৫ মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার।
• এই হারে লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়ে গেল ইন্টার।
• সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত শীর্ষ তিন—নাপোলি, জুভেন্টাস ও রোমা।

ইন্টার মিলানের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সিরি ‘আ’তে টানা ৮ ম্যাচ জয়শূন্য থাকার পর এই তো গত রোববার বোলোগনাকে ২-১ গোলে হারিয়ে জয়ের দেখা মিলেছিল তাদের। কিন্তু সুখ সইল না বেশি দিন। কাল জেনোয়ার কাছে ২-০ গোলে হেরে আবারও হারের মিছিলে তারা। তবে গতকালকের হারে তাদের বেশি করে পোড়াচ্ছে আন্দ্রেয়া রানোচ্চিয়ার একটা আত্মঘাতী গোল। খেলাটা যাঁরা দেখেছেন, তাঁরা প্রায় সবাই একসঙ্গে বলে উঠবেন—এমন আত্মঘাতী গোলও ফুটবলে হয়!
কোনো দল চূড়ান্ত দুর্ভাগা না হলে এমন গোল খাওয়ার কোনো কারণ নেই। জেনোয়ার অরভিন জুকানোভিচের একটি নিরীহদর্শন ক্রস ইন্টারের গোলমুখে এসে পড়লে সেটি শুয়েপড়ে ডান পা দিয়ে ফিরিয়ে দিতে চেয়েছিলেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার। কিন্তু বলটি দূরে চলে না গিয়ে এগিয়ে আসা রানোচ্চিয়ার শরীরে লেগে গোলরক্ষক সামির হানদানোভিচকে হতবাক করে দেয়। ম্যাচের ৪৫তম মিনিটের ঘটনা এটি। এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনায় যেকোনো দলেরই আত্মবিশ্বাস ভেঙেচুরে চুরমার হয়ে যাওয়ার কথা। ইন্টারের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। ৫৯ মিনিটে তাদেরই সাবেক খেলোয়াড় গোরান পানদেভের গোলে জেনোয়া ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

এই হারে লিগের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়ল ইন্টার। ৪৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন চারে। ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে নাপোলি। ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে জুভেন্টাস। ইন্টারের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে তিনে রোমা।